বেড়গোবিন্দপুর বাঁওড়ের খাল থেকে বিএনপি কর্মীর গলাকাটা লাশ উদ্ধার

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় বিএনপি কর্মী আতিয়ার রহমানের (৪৫) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে বেড়গোবিন্দপুর বাঁওড়ের পাশে একটি খালের কচুুরিপনার মধ্য হতে তার লাশ উদ্ধার হয়। নিহত আতিয়ার রহমান উপজেলার সদর ইউনিয়ন বিএনপি নেতা ছবেদ আলীর ছেলে ও বাঁওড়ের পাহারাদার।

থানা ও স্বজনদের সূত্রে জানা গেছে, আতিয়ার রহমান শারীরিকভাবে কিছুটা প্রতিবন্ধী। গত শুক্রবার ১০ টার দিকে বাড়ি থেকে বাঁওড়ের উদ্যেশে বের হন।

ছবি: সংগৃহীত।

শনিবার দুপুরেও বাড়িতে না ফেরায় স্বজনরা খুঁজতে থাকেন। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। বিকেলে বেড়গোবিন্দপুর বাঁওড়ের পাশে একটি খালে কচুরিপনার ভেতরে তার ক্ষত-বিক্ষত লাশ পাওয়া য়ায়। হত্যাকারীরা আতিয়ার রহমানের গলা কেটে ও নাড়িভুড়ি বের করে কচুরিপনার ভেতরে ফেলে রাখে।

খবর পেয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জসহ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।

নিহতের চাচাতো ভাই ইমরান হোসেন বলেন, বাঁওড় নিয়ে প্রতিপক্ষের সাথে বেশ কিছু দিন দ্বন্দ্ব চলে আসছিল। প্রায় ৫/৬ মাস আগে প্রতিপক্ষরা নিহতের বাবা ছবেদ আলীকে কুপিয়ে মারাত্মক জখম করে। এ ঘটনায় থানায় মামলা হলে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। ধারণা করা হচ্ছে তারই জের ধরে প্রতিপক্ষ ছেলেকে হত্যা করেছে।

উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম খবর পেয়ে যান ঘটনাস্থলে। তিনি বলেন, ‘তার বাবা আমার ইউনিয়ন বিএনপির সদস্য ও সে আমার নিবেদিত কর্মী। বাঁওড় নিয়ে একটি বিরোধ চলে আসছিলো, সে কারণেই কি এই হত্যাকাণ্ড তদন্ত করে দ্রুত বের করতে হবে।’ যারাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ বলেন, সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পুলিশ হত্যা রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেছে। ইতোমধ্যে জ্ঞিাসাবাদের জন্য একজনকে হেফাজতে নেওয়া হয়েছে।