বাঘারপাড়ার মাদক ব্যবসায়ীদের হামলা: গুরুতর আহত ১১ মাসের শিশু

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় ১১ মাস বয়সী এক শিশু এবং তার মা-বাবা গুরুতর আহত হয়েছেন। আহত শিশুটিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকালে উপজেলার বড় খুঁদড়ো গ্রামে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, বড় খুঁদড়ো গ্রামের বাসিন্দা আসাদুল মোল্লা (২৮), তার স্ত্রী সুখতারা খাতুন (২২) এবং তাদের ১১ মাস বয়সী শিশুপুত্র সাবির হোসেন।

ভুক্তভোগী আসাদুল মোল্লা জানান, স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন জোয়ার্দ্দার ও তার স্ত্রী জেসমিন খাতুন মাদক কেনাবেচা এবং সেবনের সাথে জড়িত। প্রায় এক মাস আগে মাদকসহ অভয়নগর থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন জেসমিন খাতুন। পরে তিনি আদালত থেকে জামিনে মুক্তি পান।

তবে এই গ্রেপ্তারের নেপথ্যে আসাদুল মোল্লা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন বলে সন্দেহ করতে থাকেন ইসমাইল ও জেসমিন দম্পতি। এই সন্দেহের জেরে তারা আসাদুলের ওপর প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছিলেন।

এরই ধারাবাহিকতায় রোববার সকাল সাড়ে আটটার দিকে আসাদুল মোল্লা তার স্ত্রী ও শিশুপুত্রকে নিয়ে নিজ বাড়িতে অবস্থান করার সময় ইসমাইল হোসেন জোয়ার্দ্দার দলবল নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীরা আসাদুল ও তার স্ত্রীকে বেদম মারধর করতে থাকেন। একপর্যায়ে রামদা দিয়ে কোপ দিলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে ১১ মাসের শিশু সাবির হোসেনের ডান পায়ে লাগে।

গুরুতর আহত অবস্থায় বেলা ১১টার দিকে শিশু সাবিরকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে এনে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, ধারালো অস্ত্রের আঘাতে শিশুটির ডান পায়ের মাংস কেটে গেছে এবং আঘাতটি বেশ গুরুতর।