যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন ভবনের উদ্বোধন: শিক্ষা ব্যবস্থা আনন্দময় করার ঘোষণা প্রতিমন্ত্রীর

0
যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবনের উদ্বোধন করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মেয়েদের শিক্ষা অনার্স পর্যন্ত ফ্রি করার সরকারি উদ্যোগের কথা জানান তিনি।। ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় করতে বর্তমান সরকার বিস্তৃত কর্ম পরিকল্পনা নিয়েছেন। যারা শিক্ষাকতা পেশার সাথে জড়িত তারা জানেন। তিনি বলেন, স্কুলে প্রবেশের পর শিক্ষক হয়ে যান বাবা মায়ের মতো। বাবা মা যেমন আদর সোহাগ শাসনের মাধ্যমে সন্তানকে বড় করেন। শিক্ষকরাও ঠিক একই ভাবে আমাদের সন্তানদের বড় করার পাশাপাশি প্রকৃত মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলেন।

শনিবার যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ছয়তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ভবন উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের আঙ্গিনায় বৃক্ষ রোপণ করেন।

তিনি বলেন, বর্তমান সরকার লেখা পড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অর্থাৎ খেলাধুলা সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে নতুন কুড়ি স্পোর্টস চালু করেছে। আগামী দিনে আন্ত:স্কুল কবিতা আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শিশু একাডেমির কার্যক্রম নতুন করে শুরু হবে। স্কুলে বাংলা ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা চালু করা হবে। আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করার উদ্যোগ নিয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল উদ্দিন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ। উল্লেখ্য ৬ কোটি ৪৩ লাখ ৫৯ হাজার ৯ শ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় ভবন টি নির্মাণ করা হয়েছে। ছয়তলা বিশিষ্ট ভবনটিতে শ্রেণি কক্ষ, মাল্টি পার্স হল রুম, ল্যাব রুম, লাইব্রেরী রুম, শিক্ষক কমন রুম, শিক্ষার্থী কমন রুম রয়েছে। ভবনটির ছাদে সোলার সিস্টেম এবং বর্জপাত নিরোধক যন্ত্র স্থাপন করা হয়েছে।