যশোরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং পরিবেশবান্ধব চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রোববার যশোর সদর উপজেলা পরিষদ চত্বরে এ কংগ্রেসের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি বাস্তবায়ন করে যশোর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস। যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আবুল হাসান।

অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও অর্জন বিষয় উপস্থাপন করেন যশোর অঞ্চলের মনিটরিং অফিসার সাজ্জাদ হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা, উপজেলা সমবায় কর্মকর্তা তারিকুল ইসলাম এবং কৃষক প্রতিনিধি এরশাদ আলীসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, ফিল্ড স্কুল কার্যক্রমের মাধ্যমে কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতন করা হচ্ছে। একই সঙ্গে পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং কৃষকদের জীবনমান উন্নয়নে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কৃষি উৎপাদন কংগ্রেসে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৭০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।