শিক্ষায় বিনিয়োগ জাতিকে বদলে দেয় : অধ্যাপক নার্গিস বেগম

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, শিক্ষায় হচ্ছে সর্বোচ্চ বিনিয়োগ। এই বিনিয়োগ পুরো জাতিকে বদলে দেয়। বিএনপি সব সময় কর্মমুখী শিক্ষা প্রবর্তন করতে চায়। সে কারণে বর্তমান সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

শনিবার যশোর সদর উপজেলার তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের কর্মমুখী ও দক্ষ করে গড়ে তুলতে স্কুল পর্যায় থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে। শিক্ষাব্যবস্থাকে আনন্দময় করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। তবে কেবল পাঠ্যবইয়ে সীমাবদ্ধ থাকলে চলবে না, এর পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় অংশ নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গনি, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান বাবলু, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, যুগ্ম-সম্পাদক আসাদুল আলম ঝন্টু, তালবাড়ীয়া সবুজ একাডেমির সভাপতি ডা. আক্তার হোসেন এবং প্রধান শিক্ষক আম্বিয়া খাতুন প্রমুখ।