শৈলকূপায় নানাবাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ, লোকসমাজ : ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় নানাবাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে মরিয়ম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার হরিহরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মরিয়ম শৈলকূপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের পুরাতন বাখরবা গ্রামের সজিব হোসেনের মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে মরিয়ম। সোমবার রাতে মায়ের পাশে ঘুমিয়ে ছিল সে। ভোরের দিকে ঘুম থেকে উঠে মাকে জানায়, তাকে কেউ কামড় দিয়েছে। পরে তার মুখ দিয়ে লালা বের হতে দেখা যায় এবং শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।

মরিয়মের নানী রুপালী বেগম জানান, ভোরে মরিয়ম তার মাকে জিজ্ঞাসা করে, ‘মা, তুমি কি আমাকে কামড়াইছো?’ এরপর পরিবারের সদস্যরা তার অসুস্থতা টের পান। সকালে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এহেতেশাম শহিদ বলেন, মঙ্গলবার সকালে শিশুটিকে হাসপাতালে আনা হয়। তার শরীরে কালাচ (কাল কেউটে) সাপের কামড়ের দুটি দাগ ছিল। চিকিৎসকরা দ্রুত অ্যান্টিভেনম প্রয়োগ করেন। তবে হাসপাতালে আনার আগেই বিষক্রিয়া গুরুতর আকার ধারণ করেছিল। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।