ঝিনাইদহে ৪২০ বস্তা টিএসপি সারবোঝাই ট্রাক আটক, চালক-সহকারী পলাতক

0
ঝিনাইদহে ৪২০ বস্তা সারবোঝাই ট্রাক আটক, চালক-সহকারী পলাতক
ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে ৪২০ বস্তা টিএসপি সারবোঝাই একটি ট্রাক আটক করেছেন স্থানীয়রা। চালক ও সহকারী পলাতক। সার পরিবহনের কাগজপত্র যাচাই করছে প্রশাসন।

ঝিনাইদহ সংবাদদাতা, লোকসমাজ : ঝিনাইদহে পরিবহনের বৈধ কাগজপত্র ছাড়াই ৪২০ বস্তা টিএসপি সার নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক আটক করেছেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ট্রাকটি নিজেদের হেফাজতে নেন। তবে এ সময় ট্রাকের চালক ও সহকারীকে পাওয়া যায়নি।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ক্যাডেট কলেজ এলাকায় ট্রাকটি আটক করা হয়। ট্রাকটির নম্বর রাজবাড়ী-ট-১১-০১৪১। এতে যশোরের নওয়াপাড়া থেকে কুষ্টিয়ায় নেওয়ার উদ্দেশ্যে ৪২০ বস্তা টিএসপি সার বোঝাই করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি ক্যাডেট কলেজ এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন সেটি থামিয়ে চালকের কাছে সারের পরিবহনসংক্রান্ত কাগজপত্র দেখতে চান। কিন্তু চালক কোনো মেমো বা চালান দেখাতে পারেননি। পরে স্থানীয়রা ট্রাকটি আটকে রেখে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিদের খবর দেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি নিজেদের হেফাজতে নেন। রাত ১১টা পর্যন্ত ট্রাকটি শহরের আরাপপুর এলাকায় রাখা ছিল।

ঝিনাইদহ জেলা যুবদলের নেতা সাজ্জাদুল হক মিলন বলেন, সারের কাগজপত্র দেখতে চাইলে চালক তা দেখাতে পারেননি। ট্রাকে ৪২০ বস্তা টিএসপি সার রয়েছে। বিষয়টি সদর থানার ওসি ও পুলিশ সুপারকে জানানো হয়েছে। সারের কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ কেনাবেচার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

জেলা ট্রাক মালিক সমিতির সদস্য সাজেদুর রহমান মিলন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকসহ সার আটক অবস্থায় দেখতে পান। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন, সারবোঝাই ট্রাক আটকের খবর তিনি পেয়েছেন। প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিচ্ছেন। বিধি অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন বলেন, সারের কাগজপত্র যাচাইয়ের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কৃষি কর্মকর্তাকে বলা হয়েছে। যাচাই-বাছাইয়ে সার অবৈধভাবে পরিবহন করা হয়েছে বলে প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।