সড়কের গতিরোধকে প্রাণ গেল ছাত্রদল নেতার, নারী আহত

0
সড়কের গতিরোধকে প্রাণ গেল ছাত্রদল নেতার, নারী আহত
আহত রিয়া খাতুন ও নিহত ছাত্রদল নেতা সৌরভ হোসেন- লোকসমাজ

ঝিনাইদহ সংবাদদাতা, লোকসমাজ: ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে গতিরোধকের কাছে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রদল নেতা সৌরভ হোসেন (২৮)। এ ঘটনায় তার সঙ্গে থাকা রিয়া খাতুন নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ভেটেরিনারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সৌরভ ও রিয়া মোটরসাইকেলে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে হলিধানী ভেটেরিনারি কলেজের সামনে একটি গতিরোধকের কাছে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব চক্রবর্তী সৌরভকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত রিয়া চুয়াডাঙ্গা সদর উপজেলার বেলগাছি গ্রামের বাসিন্দা। তিনি জানান, ঘটনার দিন সন্ধ্যায় সৌরভের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তিনি চুয়াডাঙ্গা শহরে সৌরভের দোকানের সামনে থেকে ডিঙ্গেদহ বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হলে সৌরভ তাঁকে চা খাওয়ানোর পর পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। এরপর তাঁকে পৌঁছে দিতে যাওয়ার পথে তাঁরা দুর্ঘটনার শিকার হন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মঙ্গলবার মধ্যরাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে চুয়াডাঙ্গা শহরের অত্যন্ত পরিচিত মুখ সৌরভের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাকে শেষবারের মতো দেখতে গভীর রাত থেকে ভোর পর্যন্ত গুলশানপাড়ার বাসভবনে ভিড় করেন ছাত্রদলের নেতা-কর্মী, বন্ধু-বান্ধব ও পাড়া-প্রতিবেশীরা।