নওয়াপাড়ায় ২৬০শতক সরকারি জমি দখলমুক্ত করার দাবি

0

অভয়নগর( যশোর)সংবাদদাতা॥ যশোরের নওয়াপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে তালতলার প্রভাবশালী আকরাম সরদার ও সাবেক কাউন্সিলর জাহানারা বেগম ২৬০ শতক সরকারি  জমি দখল করেছেন বলে অভিযোগ উঠেছে। জবর দখলের বিষয়ে ওয়ার্ডবাসী ভূমি অফিসে লিখিত অভিযোগ করলেও কতৃর্পক্ষ কোন ব্যবস্থা নিচ্ছে না।
সোমবার দুপুরে নওয়াপাড়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করে ওয়ার্ডবাসী এ অভিযোগ করেন। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ওয়ার্ডবাসীর পক্ষে মো. আবু বায়েজীদ খান মিতুল। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, নওয়াপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের তালতলার দুর্গাপর মৌজায় খতিয়ান নাম্বার ২৪,২৬,২৭,২৮,২৯,৩০,৩৩,৩৪,৩৬,৩৭,৩৯,৪০,৪১ দাগের ২৬০ শতাংশ খাস জমি রয়েছে। স্থানীয় ভূমিদস্যু প্রভাবশালী আকরাম সরদার ও সাবেক কাউন্সিলর জাহানারা বেগম অবৈধ দখল করে পাকা স্থাপনা, বালি ও পাথরের ব্যবসা, দুটি স-মিলসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে রেখেছেন। যে কারণে সরকার হারাচ্ছে মোটা অংকের রাজস্ব। লাভবান হচ্ছে ভূমিদস্যুচক্র। ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীরা।
সংবাদ সম্মেলনে বিভিন্ন দপ্তরের হস্তক্ষেপ কামনা করে তালতলা হাটের প্রাচীন ঐতিহ্য ফিরিয়ে আনার দাবি করা হয়। দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করা হয়। এর ভেতর রয়েছে ২০ সেপ্টেম্বর মানববন্ধন, ২৪ সেপ্টেম্বর নওয়াপাড়া পৌরসভার মেয়র, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি পেশ, ২৬ তারিখের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দান ও অবস্থান কর্মসূচি পালন।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, ওয়ার্ড কাউন্সিলর রেজাউল ইসলাম রেজা ফরাজী, মহিলা কাউন্সিলর রাশিদা বেগম লিপি, ফরাজী তৌহিদুর রহমান লিটন, মির্জা তমাল, ডাক্তার মোহাম্মদ লিটন, মোহাম্মদ জাকির, সরদার রাজিবুল ইসলাম, মোহাম্মদ হাবিব সরদার, মোহাম্মদ ডালিম সানা, সাব্বির ফরাজী, আবিদুর রহমান, মেহেদী হাসান প্রমুখ।
কাউন্সিলর রেজাউল ইসলাম রেজা ফরাজী বলেন, এলাকাবাসী মিলে আমরা সবাই এই সরকারি খাস জমি উদ্ধারের চেষ্টা করে যাচ্ছি। অবৈধভাবে সরকারি জমি দখল করে রেখেছে সাবেক কাউন্সিলর জাহানারা বেগম ও ভূমিদস্যু আকরাম।
এ ব্যাপরে অভিযুক্ত আকরাম সরদার বলেন, আমি সব জমি দখল করে রাখিনি। সরকারি জমি মূলত যার পাশে থাকে সে ভোগ দখল করে খায়। আবার সরকারের যখন কাজে লাগে তখন ছেড়ে দিতে হয়। আমি যেটুকু দখল করেছি সে জমিটুকু মাপ দিয়ে সরকারের পক্ষ থেকে লাল পতাকা দিয়েছে। আমার স্থপনা সরিয়ে নেয়ার চেষ্টা করছি।
এ বিয়ষটি নিয়ে সাবেক কাউন্সিলর জাহানার বেগমের মুঠোফোনে কল করলে তিনি রিসিভ করেন নি। যে কারণে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান বলেন, আমি কোন লিখিত বক্তব্য পাইনি ।