তার পরেও বিয়েলসা বলছেন, আক্রমণাত্মক কৌশল পাল্টাবেন না

0

লোকসমাজ ডেস্ক॥ ১৬ বছর পর প্রিমিয়ার লিগে ফিরেছে লিডস ইউনাইটেড। যার উত্থানের পেছনে সবচেয়ে বড় অবদান মার্সেলো বিয়েলসার। সেই বিয়েলসাই অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হলেন গতকাল। ১৯৯২ সালের পর তার কোচিংয়ে কোনও দল হজম করেছে ৬ গোল! বিয়েলসার কোচিংয়ে ১৯৯২ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ ৬ গোল হজম করেছিল নিউয়েলস ওল্ড বয়েজ ক্লাব। কোপা লিবার্তাদোরেসে সান লরেনজোর কাছে ৬-০ তে হেরেছিল তার দল!
যার পুনরাবৃত্তি হলো প্রিমিয়ার লিগেও। আক্রমণাত্মক খেলার পরেও ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৬-২ গোলে হেরেছে লিডস। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠা ম্যাচটিতে গোল বরাবর শট হয়েছে ৪৩টি। তার পরেও সফল হতে পারেনি লিডস। শুধু তাই নয়, এই মৌসুমে আক্রমণাত্মক খেলে সবচেয়ে বেশি গোল হজম (৩০) করা দলটিও লিডস। এছাড়া আরও কিছু অনাকাঙ্ক্ষিত রেকর্ডও সঙ্গী হয়েছে লিডসের। প্রিমিয়ার লিগে এই প্রথম তারা প্রথমার্ধেই চার গোল হজম করেছে। পরিস্থিতি অস্বস্তিকর হয়ে যাওয়ার পরও বিয়েলসা নিজের কৌশলেই অনড়! ম্যানেইউর কাছে বিধ্বস্ত হওয়ার পর শুরুতেই তিনি বলেছেন, ‘প্রথমার্ধে ওদের মতো আমাদেরও সমান সংখ্যক সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু আমরা গোল করতে পারিনি।’ হেরে যাওয়া ম্যাচের বিশ্লেষণে বিয়েলসা আরও বলেছেন, ‘খেলার ধারাতে থেকেই আমাদের আক্রমণগুলো তৈরি হচ্ছিল। কিন্তু ওদের আক্রমণগুলো তৈরি হচ্ছিলো আক্রমণভাগে আমাদের বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণে। এছাড়া রক্ষণ থেকে ওদের আক্রমণে যাওয়ার গতিও আমাদের চেয়ে দ্রুততর ছিল।’ এর পরেই খেলার কৌশল নিয়ে তার কথা ছিল স্পষ্ট, ‘তাই বলে নিজেদের খেলার ধরণ আমরা পাল্টাচ্ছি না। যেভাবে খেলছি, সেভাবেই চালিয়ে যাবো।’ অবশ্য কৌশল না পাল্টালে ক্ষতিটা লিডস ইউনাইটেডেরই। বিশাল এই জয়ে তাদের পুরনো প্রতিপক্ষ ম্যানইউ ঠিকই তিনে উঠে গেছে। ১৩ ম্যাচে যাদের পয়েন্ট ২৬। আর ১৪ ম্যাচ পর ১৭ পয়েন্ট নিয়ে লিডসের অবস্থান ১৪!