ডুমুরিয়ায় বাস চাপায় বাইসাইকেল আরোহী নিহত

0

 

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা॥ খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের ডুমুরিয়া থানার মাগুরাঘোনা পুলিশ ফাঁড়ির কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ জানায়, সোমবার সকালে পাইকগাছা থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি দূরপাল্লার বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৫৫০) আঠারোমাইল অভিমুখে আসতে থাকে। বাসটি মাগুরাঘোনা পুলিশ ফাঁড়ি থেকে ১০০ গজ মত আসলে একটি গ্রামীণ রাস্তা দিয়ে সিদ্দিক গোলদার (৫৫) নামে এক ব্যক্তি বাইসাইকেল চালিয়ে মূল সড়কে ওঠার সময় বাসের সাথে ধাক্কা লাগে।
এ ঘটনায় সিদ্দিক গুরুতর আহত হন। দুর্ঘটনার পরই বাসটি সড়কে ফেলে রেখে চালকসহ বাসের সব স্টাফ পালিয়ে যান। আহত সিদ্দিক গোলদারকে মুমূর্ষু অবস্থায় দ্রুত খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা আড়াইটার দিকে তিনি মৃত্যুবরণ করেন বলে তার পারিবারিক সূত্র জানায়। নিহত সিদ্দিক গোলদার ডুমুরিয়া উপজেলার উত্তর মাগুরাঘোনা গ্রামের মৃত কিসমত গোলদারের ছেলে। দুর্ঘটনা কবলিত বাসটি পুলিশের হেফাজতে আছে বলে জানিয়েছেন মাগুরাঘোনা ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক মো. হাবিবুল্লাহ।