ঝিনাইদহে ভিটেবাড়িহীন মিশন আচার্যের হাতে শিক্ষক নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খাঁন

0

ঝিনাইদহ সংবাদদাতা, লোকসমাজ : সব জটিলতা কাটিয়ে অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগপত্র হাতে পেয়েছেন ঝিনাইদহের মিশন আচার্য।

বুধবার (৭ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন। এ সময় জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর মধ্য দিয়ে সরকারি শিক্ষক হওয়ার দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো মিশন আচার্যের।

জানা যায়, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও স্থায়ী ঠিকানা-সংক্রান্ত জটিলতায় তাঁর নিয়োগ প্রক্রিয়া আটকে যায়। ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকার ভাড়াটিয়া বাসিন্দা মিশন আচার্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের চূড়ান্ত পর্যায়ে এসে ভেরিফিকেশনে বাদ পড়েন।

বিষয়টি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের নজরে এলে তিনি মিশন আচার্যকে সঙ্গে নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করেন। পরে শিক্ষামন্ত্রী ডা. এ এন এম এহসানুল হক মিলন তাঁর নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

ঝিনাইদহে ভিটেবাড়িহীন মিশন আচার্যের হাতে শিক্ষক নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খাঁন
মিশন আচার্যকে নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন- লোকসমাজ

পরবর্তীতে প্রশাসনিক জটিলতা দূর হওয়ায় মিশন আচার্যের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় এবং বুধবার আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

নিয়োগপত্র পাওয়ার পর মিশন আচার্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত এবং দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষকতা পেশায় নিজেকে নিয়োজিত রাখতে চান।