টিকা গ্রহণের ভিআইপি বুথ পুনরায় চালু হলো

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা হাসপাতালের দ্বিতীয়তলায় অবস্থিত করোনা টিকা দেয়ার ভিআইপি বুধটি বন্ধ করে দেয়ার পর আবার চালু করা হয়েছে। সিভিল সার্জন অফিসের তত্ত্বাবধানে গতকাল টিকার এ বুথটি চালু করা হয়। গত সোমবার ভিআইপি সেজে কিছু লোক ওই বুথে টিকা দিতে আসে। এরপর সেখানে নিয়োজিত স্বাস্থ্যকর্মীগণ ভিআইপি যাচাই করার সময় আগত ওইসব লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সেখানে ভাঙচুর চালায়। পরে তত্ত্বাবধায়ক ডা. মো. আক্তারুজ্জামানের নির্দেশে তাদের টিকা দিয়ে বিদায় দেয়া হয়। একই সাথে পরিস্থিতি সামাল দিতে ভিআইপি বুথটি তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করেন তত্ত্বাবধায়ক। বিষয়টি নিয়ে দৈনিক লোকসমাজে গতকাল সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের টনক নড়ে। গতকাল হাসপাতাল, সিভিল সার্জন মুক্তিযোদ্ধাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে আলোচনার ভিত্তিতে করোনা টিকার ভিআইপি বুথটি চালু করার সিদ্ধান্ত নেয়া হয়। ওই সিদ্ধান্ত মোতাবেক সিভিল সার্জন অফিসের তত্ত্বাবধানে গতকাল থেকে আবার ভিআইপি বুথটি চালু করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আক্তারুজ্জামানের সাথে আলাপকালে তিনি বলেন, সিভিল সার্জন অফিসের তত্ত্বাবধানে ভিআইপি বুথটি আবার চালু করা হয়েছে। স্বাস্থ্যকর্মী ও মুক্তিযোদ্ধাগণ সেখানে টিকা গ্রহণ করছেন। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মন্ত্রী, এমপি ও তাদের লোক আছেন। তাদের তো বাদ দেয়া যায় না। তাই, এটি আবার চালু করা হয়েছে।