কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

0

নড়াইল সংবাদদাতা: নড়াইলের কালিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ তানভীর (১৫) নামে এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে কালিয়া পৌরসভার বেন্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর বেন্দা গ্রামের মো. আজগার শেখের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, তানভীর তার বাবাকে সহায়তা করতে গ্রামের একটি চায়ের দোকানে বৈদ্যুতিক কেটলিতে চা তৈরি করছিল। এ সময় কেটলিতে ত্রুটি দেখা দিলে সেটি নিজেই মেরামতের চেষ্টা করে। একপর্যায়ে বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হয় সে।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তানভীরের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।