আওয়ামী লীগ মাঝেমধ্যে উঁকি দিলেও আসলে কিছুই করার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

0
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয়ে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিলেও দলটির আসলে কিছুই করার মুরোদ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষযে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা চালানোর মুরোদ নেই, তারা বিদেশ থেকে মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিচ্ছে।”

৫ আগস্ট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে তিনি স্পষ্ট করেন যে, এ সময় পুলিশ তার নিয়মিত কার্যক্রম পরিচালনা করবে। এ নিয়ে আলাদা কোনো বিশেষ নির্দেশনা নেই।

দুবাইয়ে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিষযে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজীর যাতে দুবাই ছেড়ে অন্য কোথাও চলে যেতে না পারেন, সে জন্য শর্তসাপেক্ষ জামিন দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের আদালত। বাংলাদেশ সরকার ইতোমধ্যে তার জামিন বাতিল করার লক্ষ্যে সেখানে একটি ল ফার্ম নিয়োগ করেছে।

সম্প্রতি দেশের একাধিক স্থানে দেখা দেওয়া বোমা আতঙ্ক নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একাধিক জায়গায় বোমা উদ্ধারের ঘটনার পেছনে কোনো পারস্পরিক যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে সাধারণ মানুষের শঙ্কিত হওয়ার কিছু নেই উল্লেখ করে তিনি আশ্বস্ত করেন যে, সরকার পুরো বিষযে সতর্ক রয়েছে। তবে উগ্রবাদী গোষ্ঠীগুলো মাঝে মাঝেই তাদের তৎপরতা দেখানোর চেষ্টা করে থাকে।