বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

0
জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।। ছবি: সংগৃহীত
বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বিরোধীদলীয় নেতারা রাজপথে যে ভাষায় কথা বলছেন, তা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মতোই শোনায়। শেখ হাসিনা যেমন বলতেন, তেমনি এখন বিরোধী নেতারা বলছেন—’পাঁচ বছর ক্ষমতায় থাকতে দেব না’।

আজ সোমবার (৩ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী ১৯৯১ সালের রাজনৈতিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে বলেন, “১৯৯১ সালে আওয়ামী লীগ বলেছিল, সরকারকে একটি মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেব না। ঠিক সেই একই ভাষায় কথা বলতে শুরু করেছে বর্তমান বিরোধীদলের নেতারা।”

তিনি আরও বলেন, রাজপথে আন্দোলন করা রাজনৈতিক দলগুলোর অধিকার হলেও, সেই বক্তব্য বা কর্মসূচি যেন কোনোভাবেই সংঘাতের দিকে না যায়।

বিএনপির অবস্থান ও জুলাই সনদ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “বিএনপি জুলাই সনদের বাস্তবায়ন চায় না, এমনটা বলে ভুল বোঝানো হচ্ছে। গণভোটের একটি প্রশ্ন ঐকমত্য কমিশন চাপিয়ে দিয়েছে। জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। বিএনপি যেখানে একমত নয়, সেটা বলেছে। স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অংশ পালন করবে বিএনপি।”

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ওপর আলোকপাত করে তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিনিয়ত জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এ অবস্থায় সরকারকে সহযোগিতা করার পরিবর্তে কেবল নেতিবাচক প্রচারণা চালালে দেশের অগ্রযাত্রা ব্যাহত হবে। তাই দেশের বৃহত্তর স্বার্থে সংঘাত এড়িয়ে সহনশীলতা ও ঐক্যের সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

বক্তব্যের শেষভাগে গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী। বর্তমান সরকার সংবাদমাধ্যমের ওপর কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। এর পাশাপাশি যেসব সাংবাদিক বেকার অবস্থায় রয়েছেন, তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করার বিষয়টি সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও ইতিবাচক আশ্বাস দেন মির্জা ফখরুল।