বাকেরগঞ্জে বালুভর্তি বস্তায় আকস্মিক বিস্ফোরণ: শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ

0
বরিশালের বাকেরগঞ্জের দুধলমৌ গ্রামে বিস্ফোরণস্থল ঘেরাও করে রেখেছে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।। ছবি: সংগৃহীত
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ঘরের পাশে রাখা বালুভর্তি একটি বস্তায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক শিশুসহ একই পরিবারের তিনজন সদস্য গুরুতর দগ্ধ হয়েছেন।

আজ সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণে আহত ব্যক্তিরা হলেন ওই বাড়ির মালিক শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, তাঁর মেয়ে ইতি আক্তার (১৮) এবং নাতি ফাহিম (১৫)।

শাহ আলমের ছেলে জামাল হোসেন জানান, আজ সকাল সাতটার দিকে তাঁদের বাড়ির পাশে রাখা একটি বালুভর্তি বস্তায় হঠাৎ প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তাঁর মা, বোন ও ভাগনের শরীরে মুহূর্তে আগুন ধরে যায়। প্রাণ বাঁচাতে তাঁরা দ্রুত দৌড়ে গিয়ে পাশের তুলাতলা নদীতে ঝাঁপ দেন। বিস্ফোরণের বিকট শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাঁদের নদী থেকে উদ্ধার করেন। পরে তাঁদের প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ঘরের পাশে রাখা বালুভর্তি একটি বস্তায় হঠাৎ বিস্ফোরণ ঘটে ।। ছবি: সংগৃহীত

 

প্রতিবেশী এনায়েত হোসেন বলেন, “সকালে হঠাৎ প্রচণ্ড শব্দে ঘুম ভাঙে। বাইরে এসে জানতে পারি, পাশের বাড়িতে বিস্ফোরণের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। কীভাবে বিস্ফোরণ ঘটেছে, তা কেউ বলতে পারছেন না।”

এ বিষয়ে বরিশাল জেলার পুলিশ সুপার এ জেড এম মুস্তাফিজুর রহমান বলেন, “এটি কোন ধরনের বিস্ফোরক, আমরা জানি না। আরও বিস্ফোরক আছে কিনা তাও বলতে পারছি না। তবে ঢাকায় বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বিকেলের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছাবে বলে আশা করছি। পুলিশ সামগ্রিক বিষয়টি খতিয়ে দেখছে। তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।”

খবর পেয়ে ঘটনার পরপরই র‍্যাব, পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য এবং বরিশাল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে পৌঁছান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো বিস্ফোরণস্থল ঘিরে রেখেছেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন। বস্তায় থাকা উপাদানটি শক্তিশালী বোমা ছিল কি না, সে বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে এখনও কিছু নিশ্চিত করেনি। তবে ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন।

এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডের দায়িত্বরত নার্স লিংকন দত্ত জানান, দগ্ধ তিনজনকে হাসপাতালে ভর্তি করার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে পুরুষ ও নারী সার্জারি ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের কার শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে, তা নিশ্চিত করা যায়নি।