মহেশপুর সীমান্তে নদী থেকে বাংলাদেশীর লাশ উদ্ধার

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তের ইছামতি নদী থেকে হৃদয় হোসেন নামে এক বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। তিনি মহেশপুরের পলিয়ানপুর গ্রামের সবুর আলীর ছেলে। ঝিনাইদহের কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক জানান, বুধবার সকালে মহেশপুরের পলিয়ানপুর সীমান্তের ইছামতি নদী থেকে এক বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সকালে নদীতে স্থানীয়রা ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে। হৃদয় হোসেন অবৈধভাবে ভারত থেকে ইছামতি নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে বলে পুলিশ জানায়।