সুন্দরবনে খালপাড় থেকে ছাগল ধরে খেল বিশাল কুমির, ভিডিও ভাইরাল

সাম্প্রতিক বছরগুলোতে সুন্দরবন সংলগ্ন লোকালয়ের খালপাড় থেকে ছাগল ধরে কুমিরের খাওয়ার ঘটনা এটিই প্রথম বলে জানা গেছে

0

 লোকসমাজ ডেস্ক : বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন সংলগ্ন চাঁদপাই রেঞ্জের ঢাংমারি খালের পাশে থাকা একটি ছাগল ধরে নিয়ে খেয়ে ফেলেছে বিশাল আকৃতির একটি কুমির। শনিবার সকালে ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

স্থানীয় সূত্র জানায়, ঢাংমারি খালের পাড়ে থাকা একটি ছাগলকে হঠাৎ আক্রমণ করে কুমিরটি পানিতে টেনে নিয়ে যায়। পরে কুমিরটির ছাগল শিকারের দৃশ্যটি পাশ দিয়ে নৌকায় যাওয়া কয়েকজন ব্যক্তি মোবাইল ফোনে ধারণ করেন।

একুশ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বিশাল আকৃতির কুমিরটি ছাগলটিকে মুখে ধরে পানির ওপর আছড়ে মারছে। পরে সেটির বিভিন্ন অংশ গিলে খেতে দেখা যায়। ঘটনাটি প্রত্যক্ষ করে নৌকায় থাকা লোকজন ভিডিও ধারণ করেন।

বিষয়টি নিশ্চিত করে করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মোহাম্মদ আজাদ কবির বলেন, “পাশ দিয়ে নৌকায় যাওয়া লোকজন ঘটনাটি দেখে ভিডিও ধারণ করেছেন। ভিডিওটি আমরা দেখেছি। সুন্দরবন সংলগ্ন এলাকায় কুমিরের এমন শিকার করা স্বাভাবিক আচরণের মধ্যেই পড়ে।”

তিনি আরও জানান, সাম্প্রতিক বছরগুলোতে সুন্দরবন সংলগ্ন লোকালয়ের খালপাড় থেকে ছাগল ধরে কুমিরের খাওয়ার ঘটনা এটিই প্রথম বলে জানা গেছে।

বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, সুন্দরবনের নদী-খাল এলাকায় লোনা পানির কুমির খাদ্যের সন্ধানে বিচরণ করে। তাই বনসংলগ্ন খালপাড়ে গৃহপালিত প্রাণী অবাধে ছেড়ে না রাখার পরামর্শ দিয়েছেন তারা।