টিকাদান কেন্দ্র পরিদর্শন করলেন সেব্রিনা ফ্লোরা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে করোনার টিকা প্রদান কার্যক্রম পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। রবিবার সকালে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আসেন। এ সময় তিনি সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আখতারুজ্জানের কাছ থেকে তিনি করোনাভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন (টিকা) প্রদান কার্যক্রমের বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন সাহীনুর সামাদ, হাসপাতালের সিনিয়র কনসাালটেন্ট ডাক্তার হিমাদ্রি শেখর সরকার, মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার রেহেনেওয়াজ রনি, প্রশাসনিক কর্মকর্তা আরিফুজ্জামান প্রমুখ। পরিদর্শন শেষে অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, যশোরে উৎসবমুখর পরিবেশে মানুষ টিকা গ্রহণ করছেন। তিনি আরও বলেন,করোনা মহামারি থেকে বাঁচতে টিকা গ্রহণের বিকল্প নেই। তবে সতর্কতা সব সময় বজায় রাখতে হবে। ভ্যাকসিন গ্রহণের পরই মাস্ক খুলে ঘুরলে হবে না। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, যশোরে সিনোফার্মের পাশাপাশি ২৮ তারিখ থেকে ফাইজার টিকা দেয়া হচ্ছে। চলমান রয়েছে জেলার আটটি পৌরসভার ও ৯৩ টি ইউনিয়নে গণটিকা টিকাদান কার্যক্রম। বর্তমানে জেলায় টিকার সংকট নেই। জেলায় আরও টিকা আসবে। ফলে চলমান ও গণটিকা দিতে সমস্যা হবে না।