সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৮ জনের, আহত অন্তত ২৫

0
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত এবং অন্তত ২৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।। ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত হয়েছেন দুটি বাসের আরও অন্তত ২৫ জন যাত্রী।

শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ৮ জন নিহত হওয়ার বিষ বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। তিনি জানান, দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে এ প্রাণহানির ঘটনা ঘটে। তবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় সিলেটমুখী ‘বেঙ্গল পরিবহন’-এর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী ‘ইউনিক পরিবহন’-এর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের ৮ জন যাত্রী মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন। দুর্ঘটনায় দুই বাসের অন্তত ২৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি অপসারণ এবং নিহতদের পরিচয় শনাক্তকরণের কাজ চালিয়ে যাচ্ছে।