সাতক্ষীরা সীমান্তে ৬ কোটি টাকার ‘কুশ’ মাদক জব্দ, পাচারকারী আটক

কুশ' একটি নির্দিষ্ট ধরনের উচ্চ-টিএইচসি সমৃদ্ধ ক্যানাবিসজাত বা সিনথেটিকভাবে প্রক্রিয়াজাত মাদককে বোঝাতে ব্যবহৃত হয়।

0
সাতক্ষীরা সীমান্তে ৬ কোটি টাকার ‘কুশ’ মাদক জব্দ

সাতক্ষীরা সংবাদদাতা: ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্ত থেকে প্রায় ৬ কোটি টাকা মূল্যের নতুন ধরনের সিনথেটিক মাদক ‘কুশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় পাচারকারী চক্রের সদস্য সন্দেহে তারিকুজ্জামান নামে এক যুবককে আটক করা হয়েছে।

বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা দিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় একটি মোটরসাইকেলে তল্লাশি চালায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। এ সময় মোটরসাইকেল থেকে ১২ কেজি ‘কুশ’ নামের সিনথেটিক মাদক উদ্ধার করা হয়।

তিনি জানান, উদ্ধার হওয়া কুশের প্রতি গ্রামের আনুমানিক খোলাবাজার মূল্য ৫ থেকে ৬ হাজার টাকা। জব্দ করা মাদক, মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসহ আলামতের মোট বাজারমূল্য প্রায় ৬ কোটি ৩ লাখ ৬২ হাজার টাকা।

বিজিবির এই কর্মকর্তা বলেন, ‘কুশ’ মূলত মারিজুয়ানা (গাঁজা) গাছের ফুল বা কুঁড়ির সঙ্গে অতিরিক্ত মাত্রার টেট্রাহাইড্রোক্যানাবিনল এবং অন্যান্য রাসায়নিক উপাদান মিশিয়ে তৈরি করা হয়। এটি প্রচলিত গাঁজার তুলনায় অনেক বেশি শক্তিশালী ও ক্ষতিকর সিনথেটিক মাদক হিসেবে পরিচিত।

তিনি আরও জানান, সীমান্ত দিয়ে ভারতে এই মাদক পাচারের সঙ্গে জড়িত চোরাচালান চক্রকে শনাক্ত করতে তদন্ত চলছে।

আটক তারিকুজ্জামানের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাকে সাতক্ষীরা সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক।