ঝিনাইদহে ২৮ হাজার পিস ইয়াবা ও টাকাসহ আটক ১

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোটার, ঝিনাইদহ ॥ এসআরবি-৬ ঝিনাইদহ ক্যাম্পের অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা, খেলনা পিস্তল ও ফেন্সিডিলসহ একজন আটক হয়েছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে মাগুরা সদর পৌরসভার কলেজপাড়া এলাকার একটি বাড়ি থেকে এসব মাদকসহ ওই ব্যক্তিকে আটক করে ঝিনাইদহ এসআরবি-৬ এর একটি দল।

গ্রেফতার ব্যক্তির নাম রাশেদ শেখ (৪১)। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালিপাড়া গ্রামের মোস্তফা শেখের ছেলে।

অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা, একটি খেলনা পিস্তল, টাকা গণনার মেশিন, একটি প্রিন্টার, মাদক বিক্রির নগদ ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকা, ৪ টি ল্যাপটপ, ওয়াকিটকি ও প্রেস বুম মাইক্রফোন উদ্ধার হয়।

এসআরবি-৬ ঝিনাইদহ ক্যাম্পের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাগুরা পৌরসভার ৯ নং ওয়ার্ডের কলেজপাড়ার স্বপ্ন বিলাস বাড়ির ৪র্থ তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন ইয়াবা ও মাদক ব্যবসার মূল হোতা দ্বীপ্ত কুমার বিশ্বাস ওরফে সুমন। ওই বাড়িতে অভিযান চালায় এসআরবি-৬ ঝিনাইদহ ক্যাম্প। এসআরবির উপস্থিতি টের পেয়ে মূল হোতা দীপ্ত কুমার বিশ্বাস ওরফে সুমন পালিয়ে যান। পরে ওই বাসা থেকে রাশেদ শেখকে আটক করে এসআরবি।

এসআরবি-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবিন সরকার সুমন জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার হওয়া মাদক, নগদ টাকা ও অন্যান্য সরঞ্জাম এসআরবি হেফাজতে রয়েছে।