১২ বছর পর চাকরিতে পুনর্বহাল কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দীন কলেজের সাবেক অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান

0

আসিফ কাজল, ঝিনাইদহ : আদালতে ফৌজদারি মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দীন কলেজের সাবেক অধ্যক্ষ (সাময়িক বরখাস্তকৃত) ড. মো. মাহবুবুর রহমানকে সরকারি চাকরিতে পুনর্বহাল করেছে শিক্ষা মন্ত্রণালয়।

গত ৭ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শৃঙ্খলা শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. আব্দুল জলিল মজুমদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ড. মাহবুবুর রহমানের বিরুদ্ধে যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা একটি ফৌজদারি মামলা (সি.আর. নং-২৯৮/২০১৮) বিচারাধীন থাকায় ২০২৩ সালের ৬ জুলাই শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল।

পরবর্তীতে ২০২৬ সালের ১১ আগস্ট যশোরের ষষ্ঠ অতিরিক্ত দায়রা জজ আদালত তাকে উক্ত মামলা থেকে পূর্ণাঙ্গ অব্যাহতি প্রদান করেন। আদালতের এ আদেশের পরিপ্রেক্ষিতে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’-এর ১৯ নম্বর বিধান অনুযায়ী তার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ঝিনাইদহ জেলা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে অনুলিপি পাঠানো হয়েছে।

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে শিক্ষা মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের ফলে প্রায় ১২ বছর পর ড. মাহবুবুর রহমান তার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসার সুযোগ পাচ্ছেন।

তিনি জানান, ২০১৪ সালে তাকে মিথ্যা ও হয়রানিমুলক মামলায় ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার তাকে সাময়িক বরখাস্ত করে। এরপর ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী দিয়ে তাকে ক্যাম্পাস ছাড়া করা হয়। আর এই কাজে নেতৃত্ব দেন সাবেক এমপি আনার, সুব্রত কুমার, আব্দুল মজিদ মন্ডল, শরিফুল ইসলাম ও যশোরের গোলাম রসুল।