ঝিনাইদহে সড়কে ৪ জনের প্রাণহানি

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ, কালীগঞ্জ ও মহেশপুর সংবাদদাতা॥ ঝিনাইদহ, মহেশপুর ও শৈলকুপায় পৃথক সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। নিহতরা হলেন কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রামের রবিউল ইসলাম মনির ছেলে শাকিল হোসেন (২২), একই গ্রামের মিটুল হোসেনের ছেলে রাকিব হোসেন রকি (২১), শৈলকুপা উপজেলার পদমদি গ্রামের সোহরাব বিশ্বাসের ছেলে তুষার বিশ্বাস (৩৫) ও মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের আপিল উদ্দীনের ছেলে বদর উদ্দীন (৮৭)।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, শনিবার সকালে কালীগঞ্জ থেকে মোটরসাইকেলে ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন শাকিল হোসেন ও রাকিব হোসেন রকি। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের সদর উপজেলার কয়ারগাছি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুইজন নিহত হন।
অপরদিকে শৈলকুপায় বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে তুষার (৪০) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। সকাল সাড়ে ১০টার দিকে শৈলকুপা-গাড়াগঞ্জ সড়কের মুড়োতলা নামক এলাকায় এ ঘটনা ঘটে। শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান,ঢাকা থেকে শৈলকুপার উদ্দেশ্যে ছেড়ে আসা গোল্ডেন লাইন নামের বাসের সাথে মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই তুষারের মৃত্যু হয় । নিহত তুষার উপজেলার ত্রিবেণী ইউনিয়নের পদমদী গ্রামের সোহরাব মন্ডলের ছেলে ।
অপর দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর বাস স্ট্যান্ডে। রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল বৃদ্ধ বদর উদ্দীন বুদোকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তিনি মৃত্যুবরণ করেন। মহেশপুর থানার ওসি শামিম উদ্দীন শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।