ঝিনাইদহে বিকাশ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহে বিকাশ প্রতারক চক্রের সদস্য রাজু শেখকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (১৬ মার্চ ) রাতে শহরের জোহান ড্রিম ভ্যালি পার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজু শেখ মাগুরার শ্রীপুর উপজেলার চর মহেশপুর গ্রামের দাউদ শেখের ছেলে।
ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহীন উদ্দিন জানান, বিভিন্ন ব্যক্তিকে মোবাইল ফোন করে বিকাশ থেকে অমুক বলছি বলে পিনকোড নিয়ে একাউন্টের টাকা হাতিয়ে নিতেন। রাজু শেখ স্বীকার করেছেন, ‘বিকাশ একাউন্ট আপগ্রেডের কাজ চলছে, বিকাশ থেকে আপনার ফোনে ভেরিফিকেশন কোড এসএমএস করা হয়েছে, সেটা আমাকে দিন। অন্যথায় আপনার বিকাশ একাউন্ট বন্ধ করে দেয়া হবে’ বলে তিনি প্রতারণা করতেন। এভাবে প্রতারণা করে ঝিনাইদহসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বিকাশ একাউন্ট হ্যাকিং করে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন রাজুসহ প্রতারক চক্র। এদের প্রতারণার শিকার হয়ে দিপক মন্ডল নামের এক ব্যক্তি অভিযোগ করেন। পরে ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্য প্রযুক্তির ব্যবহার করে প্রতারক রাজু শেখকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।