ঝিনাইদহে ছাত্রলীগের তিন নেতাকর্মী ‘হত্যা’র ঘটনায় মানববন্ধন

0

 

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ আদালতে মামলার পর এবার ছাত্রলীগের তিন নেতাকর্মীর মৃত্যুর ঘটনাকে হত্যা দাবি করে ঘটনায় জড়িত ও মদদদাতাদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থী ও নিহতদের স্বজনরা।
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ পোস্ট অফিস মোড়ে এই মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নিহত ভিপি সাইদুজ্জামান মুরাদের পিতা বদিউজ্জামান বাদশা বিশ্বাস, মুরাদের স্ত্রী সুমি খাতুন, মা শেফালী বেগম, মুরাদের ভাই মুক্তার বিশ্বাস, সরকারী ভেটেরিনারী কলেজ ছাত্র সংসদের জিএস সজিবুল হাসান, সাধারণ শিক্ষার্থী রফিকুল ইসলাম, রবিউল আওয়াল ও নুর ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তাগন অভিযোগ করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরানের ইন্ধনে গত ৭ অক্টোবর রাতে পরিকল্পিতভাবে কলেজের ভিপি সাইদুজ্জামান মুরাদ, ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম ও সমরেশ বিশ্বাসকে হত্যা করে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেয়া হয়। নিহত মুরাদের মা শেফালী বেগম দায়ী ব্যক্তিদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে বলেন, আমার সন্তান নষ্ট রাজনীতির বলি হয়েছে। এভাবে যেন আর কোন মায়ের বুক খালি না হয়। মানববন্ধন কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ গ্রহণ করেন। এদিকে ঝিনাইদহের একটি আদালতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরানসহ ২০জন নেতাকর্মীকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। ভিপি মুরাদের পিতা বদিউজ্জামান বিশ্বাস বাদী হয়ে বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আজমের আদালতে এই মামলা করেন। ওই দিন বিকালে আদালত অভিযোগটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)- কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান নাজির সোহেল রানা মামলা দায়ের হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
গত ৭ অক্টোবর প্রতিপক্ষ ছাত্রলীগের ধাওয়া ও দায়ের কোপ খেয়ে পালিয়ে যাওয়ার সময় ঝিনাইদহ সদর উপজেলার আঠারোমাইল নামক স্থানে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষে ওই ৩ কলেজ ছাত্র নিহত হন।