ঝিকরগাছার পানিসারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহাগের বিরুদ্ধে গদখালীতে পিস্তল ঠেকিয়ে ব্যবসায়ী তবিবরকে হত্যার হুমকি, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের অভিযোগ

0

স্টাফ রিপোটার॥ যশোরের ঝিকরগাছার গদখালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এম আর ট্রেডার্স এর প্রোপাইটর ও ইউনিয়ন বিএনপির সভাপতি তবিবর রহমান তবিকে প্রকাশ্যে দিবালোকে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দিয়েছে পানিসারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহারিয়ার নিলয় সোহাগ। এসময় তার সাথে থাকা অন্য সহযোগিরা তবিবর রহমানের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরও করেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তবিবর রহমান। অভিযোগ সুত্রে জানাগেছে, ওই দুপুরে ২টার দিকে তবিবর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে গাড়ি পার্কিং সংক্রান্ত বিষয় নিয়ে অভিযুক্ত সোহাগের চাচাতো ভাই অভির সাথে তবিবর রহমানের ছেলে হৃদয়ের বাক বিতান্ডা হয়। তারই জের ধরে পানিসারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহারিয়ার নিলয় সোহাগ বিকাল ৩টার দিকে বেশকয়েকটি মোটরসাইকেলসহ ব্যবসায়ী তবিবর রহমানের দোকানে এসে তার ছেলে খুজতে থাকে। এসময় হৃদয়কে না পেয়ে সোহাগ তার পাঞ্জাবীর পকেট থেকে পিস্তল বের করে তবিবর রহমানের দিকে তাক করে এবং প্রান নাশের হুমকি দেয়। যা ব্যবসায়ী তবিবর রহমানের দোকানে থাকা সিসি ক্যামেরার ফুটেছে দেখা গেছে। উল্লেখিত ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় তবিবর রহমান তবি ঝিকরগাছা থানায় ৪ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, পানিসারা গ্রামের সাজু ঢালীর ছেলে ও পানিসারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহারিয়ার নিলয় সোহাগ (২৬), তার সহযোগি শফিক ঢালীর ছেলে সোহান (২২), আব্দুলের ছেলে, মহিদুল (৩২) ও হোসেনের ছেলে জলিল (৩০)। এছাড়া ৬/৭ জনকে অজ্ঞাতনামা রাখা হয়েছে। ঘটনার পরপরই ঝিকরগাছা থানা পুলিশ অস্ত্র উদ্ধারসহ আসামীদের আটকের জন্য কয়েকদফা অভিযান চালালেও আসামীরা এলাকা ছেড়ে পালানোর কারনে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানাগেছে। উল্লেখিত ঘটনায় একটি অভিযোগ পেয়েছেন এবং অভিযোগটি জিডি আকারে অন্তভুক্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে ঝিকরগাছা থানার নবাগত অভিসার ইনচার্জ সুমন ভক্ত জানিয়েছেন।