ঝিকরগাছার পল্লী থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা পল্লীর একটি লেবু বাগানের ভেতর থেকে সখি বেগম (৪০) নামের এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ । নিহত সখি বেগম উপজেলার হাজিরবাগ ইউনিয়নের সোনাকুড় গ্রামের নিজাম উদ্দীনের স্ত্রী। লাশের মাথায় আঘাতের চিহ্ন ও পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে।
নিহত সখি বেগমের শ্বশুরবাড়ির লোকজন জানিয়েছেন, রোববার বিকেলে বাপের বাড়ি পার্শ^বর্তী মনিরামপুর উপজেলার পাঁচপোতা গ্রামে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। সোমবার সকালে সোনাকুড় গ্রামের আব্দুস সাত্তারের লেবু বাগানের ভেতরে সখি বেগমের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঝিকরগাছা থানা ও বাঁকড়া আইসি ক্যাম্পের পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত সখি বেগমের স্বামী নিজাম উদ্দীন দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়া ছিলেন। কয়েকমাস আগে তিনি দেশে ফিরেছেন।
জানতে চাইলে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, এখনও কেউ অভিযোগ করেননি। প্রাথমিকভাবে এটিকে হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে। এঘটনায় সোনাকুড় গ্রামের মিজানুর রহমান নামের একজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্যে আটক করা হয়েছে বলে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামরুজ্জামান জানিয়েছেন।