জৈব সার তৈরি করে স্বাবলম্বী শৈলকুপার সজীব

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ করোনা মহামারীতে অন্য একটি ব্যবসায় ক্ষতির মুখে পড়েন বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অর্থ ও হিসাব বিজ্ঞান বিভাগ থেকে এমবিএ পাশ করা যুবক মনিরুজ্জামান সজীব। চিন্তার ভাজ পড়ে কপালে। ক্ষতি পুষিয়ে উঠতে বিকল্প ব্যবসার চিন্তা করেন। সিদ্ধান্ত নেন জৈব সার কারখানা করার। কিন্তু এমন ফার্ম করতে তো দরকার অভিজ্ঞতা বা ভাল পরামর্শ। যার কোনটিই ছিল না তার। পরে স্থানীয় কৃষি অফিসের কর্মকর্তার কাছে দারস্থ হন সজীব।
কৃষি কর্মকর্তার দেয়া পরামর্শে বিভিন্ন জেলার এগ্রো ফার্ম পরিদর্শন করেন। নেন পরামর্শও। তারপরই নিজ গ্রামে গড়ে তোলেন হারুন অর্গানিক এগ্রো ফার্ম নামে একটি জৈব সার কারখানা। শিক্ষিত যুবক মনিরুজ্জামান সজীবের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রঘুনন্দনপুর গ্রামে। ২০২০ সাল থেকে শুরু হয় তার এ কার্যক্রম। বর্তমানে দুই ধরনের জৈব সার তৈরি করছেন তিনি। এর একটি হলো ট্রাইকো কম্পোস্ট ও ভার্মি কম্পোস্ট। এখান থেকে নিয়মিত জৈব সার উৎপাদন ও সরবরাহ করছেন। এই সার এখন ঝিনাইদহ, কুষ্টিয়া ও মাগুরা জেলাতেও যাচ্ছে, রয়েছে ভাল চাহিদাও। মনিরুজ্জামান সজীবের মতে, সরকার যদি বেসরকারিভাবে কৃষকদের জৈব সার ব্যবহারে উদ্বুদ্ধ করে তাহলে কৃষক এই সার ব্যবহারে আগ্রহী হবে। তখন রাসায়নিক সার ব্যবসায়ীরার এই সার বিক্রি করবে। ফলে উদ্যোক্তা মনিরুজ্জামান সজীবের মতো ক্ষুদ্র উদ্যোক্তারা জৈব সার উৎপাদনে আগ্রহী হবেন। অল্প সময়ের ব্যবধানে উদ্যোক্তা মনিরুজ্জামান সজীবের জৈব সার কারখানাতে ১২ জন শ্রমিক-কর্মচারীর কর্মসংস্থান হয়েছে। এখানে কাজ করে তারা তাদের জীবিকা নির্বাহ করছেন। এসব শ্রমিকদের মধ্যে ৯ জন পুরুষ ও ৩জন নারী শ্রমিক রয়েছেন। উদ্যোক্তা মনিরুজ্জামান সজীবের হারুন অর্গানিক এগ্রো ফার্মে প্রতিমাসে ৫০টন ট্রাইকো কম্পোস্ট ও ৫ টন ভার্মি বা কেঁচো কম্পোস্ট তৈরির সক্ষমতা রয়েছে। কিন্তু পর্যাপ্ত কাঁচামালের অভাবে কাঙ্খিত সার উৎপাদন করতে পারছেন না তিনি। এই সার উৎপাদনের অন্যতম কাঁচামাল হচ্ছে গোবর। শৈলকুপা কৃষি অফিস ও স্থানীয় কৃষকরা জানায়, এমন জৈব সারের রয়েছে নানা উপকারিতা। ফলন বৃদ্ধি ও গুনগত মান বাড়ায়। সব ঋতুতে সকল ফসলে ব্যবহার করা যায়। জৈব সার বীজের অংকুরোদগমে সহায়তা করে। এই সার মাটিতে দেয়ার পর ৬ থেকে ১৮মাস পর্যন্ত প্রভাব থাকে যা পরবর্তী ফসলের জন্যেও কাজে লাগে। উদ্যোক্তা মনিরুজ্জামান সজীব জানান, জৈবসার প্রতি শতকে সবজির জন্যে ৫ কেজি, পিঁয়াজ, আলু, ধান, গম, পাটসহ অন্যান্য ফসলের জন্য ৩ থেকে ৪ কেজি, ফল গাছে ৫ থেকে ৭ কেজি করে ব্যবহার করা যায়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শৈলকুপার কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান খান জানান, শৈলকুপার প্রত্যন্ত পল্লীতে হারুন যে অর্গানিক এগ্রোফার্ম গড়ে তুলেছেন তা সুখবর বলা যায়। কৃষকদের জৈব সার ব্যবহারে উদ্বুদ্ধ করতে সজীবের এই সার কাজে লাগবে। তিনি বলেন, উদ্যোক্তা মনিরুজ্জামান সজীবকে সব ধরনের টেকনিক্যাল সাপোর্ট দেয়া হচ্ছে।