মোংলায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়  ৯টি ওয়ার্ডে ৯টি গরু কোরবানি

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা : বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ঈদুল আজহার দ্বিতীয় দিনে মোংলা পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯টি গরু কোরবানি দিয়ে অসহায় ও দুস্থ মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে এ উদ্যোগ গ্রহণ করেন মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. জুলফিকার আলী।

শুক্রবার দিনব্যাপি পৌরসভার মোট ৯টি ওয়ার্ডে কোরবানি কার্যক্রম পরিচালনা করা হয়। ওয়ার্ডে ওয়ার্ডে দেয়া কোরবানির এ গরুর মাংস জুলফিকার আলী তাঁর নিজ হাতে এলাকার অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিতরণ করেন। এ সময় তার সাথে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জুলফিকার আলী বলেন, ঈদুল আজহার মূল শিক্ষা হলো ত্যাগ ও মানবসেবার চেতনা। সেই ভাবনা থেকেই নিজ তহবিল থেকে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯টি গরু কোরবানি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, অতীতেও বিএনপি চেয়ারপারসন অসুস্থ থাকাকালে তাঁর সুস্থতা কামনায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি পালন করা হয়েছিল। খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড থেকে অনুপ্রাণিত হয়েই এ আয়োজন করা হয়েছে।