নিষিদ্ধ আ.লীগের সহিংস তাণ্ডবে তিন জেলায় ত্রাস

টুঙ্গিপাড়া থানায় আগুন, এমপি জিলানির বাড়িতে হামলা; গাজীপুরে সাবেক মন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগ, আহত দুই বিজিবি সদস্য; ভাঙ্গায় কৃষক দল নেতা নিহত

0
নিষিদ্ধ আ.লীগের সহিংস তাণ্ডবে তিন জেলায় ত্রাস
টুঙ্গিপাড়া থানায় আগুন, এমপি জিলানির বাড়িতে হামলা; গাজীপুরে সাবেক মন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগ, আহত দুই বিজিবি সদস্য; ভাঙ্গায় কৃষক দল নেতা নিহত (ডান পাশের ওপরে) ও গোপালগঞ্জে আহত সাংবাদিক রনি। বিডিওচিত্র থেকে নেওয়া ছবি - লোকসমাজ

লোকসমাজ ডেস্ক॥ নিষিদ্ধ আওয়ামী লীগের হিংস্র তাণ্ডবে মঙ্গলবার রাতে ত্রাসের রাজত্বে পরিণত হয় গোপালগঞ্জ, ফরিদপুর ও গাজীপুর জেলার একাধিক এলাকা। অশ্রাব্য ভাষায় গালিগালাজের পাশাপাশি থানা ও সংসদ সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছেন দুই বিজিবি সদস্য। ফরিদপুরের ভাঙ্গায় হামলায় নিহত হয়েছেন এক কৃষক দল নেতা।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গ্রেপ্তার করা কয়েকজনকে ছিনিয়ে নিতে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় থানায় আগুন দেওয়ার পাশাপাশি পুলিশের চারটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পরে জেলা শহর থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গাড়িবহরেও হামলার ঘটনা ঘটে। এতে কয়েকটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এ সময় খালেক বাজার এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে দুই বিজিবি সদস্য আহত হন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়ার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে। পরে তাদের ছাড়িয়ে নিতে সমর্থকেরা জড়ো হন। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে একত্র করা হয়। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে কয়েকজন আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে বিক্ষুব্ধ লোকজন মিছিল নিয়ে টুঙ্গিপাড়া থানায় গিয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় থানায় আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া হয়। একপর্যায়ে পুলিশ সদস্যরা থানা ছেড়ে চলে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এদিকে, টুঙ্গিপাড়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের দল জেলা শহর থেকে রওনা হলে পথে নীলফা বাজার এলাকায় তাদের বাধা দেওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়। খালেক বাজার এলাকায় দুই বিজিবি সদস্য ধারালো অস্ত্রের আঘাতে আহত হন বলে জানা গেছে।

একই রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানির বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাত ৯টার দিকে পাটগাতী এলাকায় তাঁর বাড়িতে এ হামলা চালানো হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। হামলার সময় বাড়িতে লুটপাটের অভিযোগও পাওয়া গেছে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এমপি জিলানীর বাড়ি সহ মোট ৭ টি বাড়ি সহ একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন সংযোগ করেছে ছাত্রলীগ ও আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
এ সময় কর্মরত থাকাকালীন অবস্থায় গোপালগঞ্জ একাত্তর টেলিভিশনের সাংবাদিক রনিকে আহত করে তারা।

অন্যদিকে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের জোড়পুকুরপাড়ের পুরোনো টিনশেড বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পাশের আটতলা ভবনটি আগুনের হাত থেকে রক্ষা পায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী আগুন লাগার ঘটনা ও ফায়ার সার্ভিসের কার্যক্রমের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কারা আগুন দিয়েছে, তা জানাতে পারেনি পুলিশ।

এদিকে, ফরিদপুরের ভাঙ্গায় মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটে। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। হামলায় গুরুতর আহত হন ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা। পরে তাঁকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম মৃত ঘোষণা করেন।

নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আকতার মোল্লার ছেলে। এ ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

এক রাতের ব্যবধানে তিন জেলার একাধিক স্থানে হামলা, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।