পূর্বাচলে অনুমোদনহীন প্লট ব্যবসা বন্ধের দাবি বিএলডিএর

রাজউকের অনুমোদন ছাড়া বিজ্ঞাপন ও প্লট বিক্রির অভিযোগ

0

লোকসমাজ ডেস্ক : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাচল নতুন শহর ও আশপাশের এলাকায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্টের মাধ্যমে প্লট বিক্রির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশন (বিএলডিএ)। সংগঠনটির অভিযোগ, রাজউকের প্রয়োজনীয় অনুমোদন ও আইনগত বৈধতা ছাড়াই কিছু প্রতিষ্ঠান আবাসন প্রকল্পের নামে বিজ্ঞাপন, প্রচার-প্রচারণা ও সাইনবোর্ড ব্যবহার করে সাধারণ মানুষের কাছে প্লট বিক্রির কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বিএলডিএর মতে, এ ধরনের কার্যক্রম আবাসন-সংক্রান্ত আইন ও বিধিবিধান লঙ্ঘনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার ঝুঁকি তৈরি করছে। অনুমোদনহীন প্রকল্পে বিনিয়োগ করে অনেকেই তাঁদের কষ্টার্জিত অর্থ হারাতে পারেন। পাশাপাশি এসব প্রকল্প পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন, মাস্টারপ্ল্যান অনুযায়ী ভূমির ব্যবহার, জলাশয় সংরক্ষণ ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সংগঠনটি জানায়, রাজউকের অনুমোদন ও নির্ধারিত আইনগত প্রক্রিয়া অনুসরণ করে নিবন্ধিত ডেভেলপার প্রতিষ্ঠানগুলোকে আবাসন ব্যবসা পরিচালনায় বিভিন্ন নিয়মকানুন ও বিধিনিষেধ মেনে চলতে হয়। অথচ অনুমোদনহীন কিছু প্রতিষ্ঠান কোনো ধরনের কার্যকর জবাবদিহি ছাড়াই প্রকাশ্যে প্লট বিক্রি, বুকিং ও প্রচারণা চালিয়ে যাচ্ছে। এতে বৈধ আবাসন ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার মুখে পড়ছেন। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তৈরি হচ্ছে।

এ পরিস্থিতিতে জনস্বার্থে পূর্বাচল ও তৎসংলগ্ন এলাকায় অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বিএলডিএ।

সংগঠনটির প্রস্তাবিত পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে, পূর্বাচল ও আশপাশের এলাকায় পরিচালিত সব ল্যান্ড প্রজেক্টের রাজউক অনুমোদন ও আইনগত বৈধতা যাচাই করে দ্রুত সরেজমিন তদন্ত করা। অনুমোদনহীন প্রকল্পে প্লট বিক্রি, বুকিং, বিজ্ঞাপন ও প্রচার-প্রচারণাসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া।

এ ছাড়া অনুমোদন ছাড়া প্রকল্প পরিচালনাকারী প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতারক চক্রের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া, অনুমোদনহীন প্রকল্পের সাইনবোর্ড ও প্রচারসামগ্রী অপসারণ এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম ঠেকাতে কার্যকর নজরদারি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে রাজউকের অনুমোদন ছাড়া নতুন কোনো প্রতিষ্ঠান যাতে আবাসন প্রকল্প পরিচালনা বা প্লট বিক্রির কার্যক্রম শুরু করতে না পারে, সে জন্য নিয়মিত তদারকি ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের আহ্বান জানানো হয়েছে।

বিএলডিএর মতে, পূর্বাচল ও এর সংলগ্ন এলাকায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্টের কার্যক্রম অব্যাহত থাকলে সাধারণ জনগণের পাশাপাশি বৈধ আবাসন ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবেন। একই সঙ্গে পূর্বাচলের পরিকল্পিত নগরায়ণ ও পরিবেশগত ভারসাম্য রক্ষার উদ্যোগ বাধাগ্রস্ত হতে পারে।

সংগঠনটির আশঙ্কা, এ বিষয়ে দীর্ঘসূত্রতা বা দায়সারা পদক্ষেপ অনুমোদনহীন আবাসন ব্যবসাকে আরও উৎসাহিত করতে পারে। তাই জনস্বার্থ, আইনশৃঙ্খলা, পরিকল্পিত নগরায়ণ ও বৈধ আবাসনশিল্পের স্বার্থে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশনের (বিএলডিএ) পক্ষে এসব দাবি জানিয়েছেন সংগঠনটির সচিব একেএম নওশেরুল আলম।