নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যশোরে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

0
নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে যশোর শহরে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল।। ছবি: ভিডিও থেকে নেওয়া

স্টাফ রিপোর্টার ॥ নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে যশোর শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল ও সদর উপজেলা ছাত্রদল। মঙ্গলবার বিকেলে দুটি সংগঠনের শীর্ষ নেতাদের নেতৃত্বে শহরে পৃথক দুটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান গণতান্ত্রিক সরকারের যাত্রাকে নস্যাৎ করতে দেশ থেকে পালিয়ে যাওয়া খুনি হাসিনা ও তার দোসররা দেশবিরোধী চক্র অপতৎপরতা শুরু করেছে। তারা পরিকল্পিতভাবে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।

বিএনপির সাথে জনগণ আছে, কোনো সন্ত্রাসী নেই। তাই দেশে যেকোনো প্রকার সন্ত্রাসমূলক কর্মকাণ্ড হলে জনগণ তাদেরকে প্রতিহত করবে। নেতৃবৃন্দ দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, যশোরের মাটিতে কোনো সন্ত্রাসীর ঠাঁই নেই।

নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে যশোর শহরে সদর উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল।। ছবি: ভিডিও থেকে নেওয়া

শহরের চারখাম্বা মোড় থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল ও সদস্য সচিব রাজিদুর রহমান সাগর। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে এসে শেষ হয়।

পরে জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি এবং সদস্য সচিব শাহনেওয়াজ ইমরানের নেতৃত্বে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে সদর উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল বের হয়ে সিভিল কোর্ট মোড় ঘুরে জিলা স্কুলের সামনে গিয়ে শেষ হয়।

পৃথক দুটি বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদস্য সচিব সাইফুল বাশার সুজন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব রাজু আহমেদ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, সদস্য সচিব পিকুল হোসেন, যুগ্ম আহ্বায়ক পলাশ খান, ইমরান কায়েস প্রমুখ।