জীবননগরে পিংকি হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার

0
ছবি: সংগৃহীত।

রিফাত রহমান,চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গার জীবননগরে ববিতা খাতুন পিংকি হত্যা (২৭) মামলার আসামি রাজন (৩৫) গ্রেফতার হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে পুলিশ নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে। রাজন জীবননগর উপজেলার ডুমুরিয়া দক্ষিণপাড়ার মরহুম ইউনুস মন্ডলের ছেলে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে বুধবার সন্ধ্যায় এক বার্তায় জানানো হয়, জীবননগর উপজেলার ডুমুরিয়া দক্ষিণপাড়ার সানোয়ার হোসেনের মেয়ে ববিতা খাতুন পিংকিকে রাজন বিভিন্নভাবে উত্ত্যক্ত করতো। ২০২৬ সালের ১৮ এপ্রিল রাত ৪টার দিকে পিংকির ঘরে রাজন গোপনে প্রবেশ করে। এরপর ধারালো দা দিয়ে পিংকিকে কুপিয়ে গুরুতর জখম করে। পরিবারের লোকজন দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নাজমুস সাকিব, পিংকির শারীরিক অবস্থায় খারাপ দেখে প্রাথমিক চিকিৎসা দেন এবং তার মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দিতে রাজন তাকে কিভাবে জখম করেছিল তা বিস্তারিত উল্লেখ করেন।

পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০২৬ সালের ১৯ এপ্রিল রাত সাড়ে ১২টায় তিনি মারা যান।

এ ঘটনায় জীবননগর থানায় একটি হত্যা মামলা হয়। গ্রেফতারকৃত হত্যা মামলার আসামি রাজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।