দামুড়হুদায় ৩৯টি সোনার বারসহ পাচারকারী আটক

0
ছবি: সংগৃহীত।

রিফাত রহমান, চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অভিযান চালিয়ে ৩৯টি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। শনিবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী পারকৃষ্ণপুর গ্রামে এ অভিযান চালানো হয়।

আটক পাচারকারী রবিউল ইসলাম (৩৪) উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আহাম্মদ আলী বিশ্বাসের ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল নাজমুল হাসান শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সীমান্তবর্তী পারকৃষ্ণপুর গ্রাম থেকে ভারতে সোনা পাচার হবে এমন গোপন সংবাদ তারা পান।

এর ভিত্তিতে বিজিবির একটি টহল দল সন্দেহভাজন এক ব্যক্তির মোটরসাইকেল থামিয়ে তার দেহ তল্লাশি করে ৩৯টি সোনার বার উদ্ধার করে। বিজিবি আরও জানায়, উদ্ধার করা সোনার ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা।

এসময় ওই ব্যক্তিকে আটক করে পাচারকাজে ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে, উদ্ধার করা সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে তিনি বহন করছিলেন।

আটক পাচারকারীর বিরুদ্ধে দর্শনা থানায় মামলা রুজু করে জব্দ করা মোটরসাইকেল থানায় হস্তান্তর এবং উদ্ধার করা সোনা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।