যশোরে ডিবি পুলিশের অভিযানে দুর্বৃত্ত আটক, বিজিবির পোশাক-ওয়াকিটকি উদ্ধার

ষষ্ঠীতলায় অভিযান: বিজিবির পোশাক, হ্যান্ডকাফ ও অস্ত্রসহ আটক ১

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোর শহরের ষষ্ঠীতলা এলাকায় অভিযান চালিয়ে বিজিবির পোশাক, ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও ধারালো অস্ত্রসহ উজ্জ্বল (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার রাত ১১টার দিকে ষষ্ঠীতলার একটি তিনতলা ভবনের ফ্ল্যাটে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিবির এসআই কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উজ্জ্বলকে আটক করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় উজ্জ্বলের বাসা থেকে বিজিবির এক সেট পোশাক, দুটি সচল ওয়াকিটকি, এক জোড়া হ্যান্ডকাফ, দুটি চাপাতি এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।

আটক উজ্জ্বলের বাড়ি বেনাপোল এলাকায়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে পূর্বে চারটি মামলা রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, আটক ব্যক্তির বিষয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করা হচ্ছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।