জীবননগরে নিখোঁজ ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গার জীবননগর বাজারের জুতা ব্যবসায়ী নিখোঁজের পাঁচদিন পর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে পুলিশ শহরের আঁশতলাপাড়ার নির্মাণাধীন বাড়ির লিফটের বেজমেট থেকে লাশটি উদ্ধার করে। ইয়ান সু স্টোরের মালিক মৃত আবু সাইদ (২৬) জীবননগর উপজেলা শহরের হাইস্কুলপাড়ার রইচ উদ্দীনের ছেলে।
মৃত আবু সাঈদের পিতা রইচ উদ্দীন জানান, তার ছেলে রোববার সেহরী শেষে মসজিদে নামাজ আদায় করতে গিয়ে নিখোঁজ হন। এরপর তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যায়। তাকে না পেয়ে গত সোমবার (৩ এপ্রিল) জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। যার নম্বর ১০০। এদিন সকাল ৯ টার দিকে বাড়ি নির্মাণ শ্রমিকরা কাজ করার সময় উৎকট গন্ধ পায়। ওই গন্ধের সূত্র ধরে লিফটের বেজমেটের ট্যাঙ্কির ভেতরে শ্রমিকরা একটি লাশ পড়ে থাকে দেখেন। নির্মাণ শ্রমিকদের মাধ্যমে প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেয়। পুলিশ লিফটের বেজমেটের ট্যাঙ্কির দেয়াল ভেঙ্গে অর্ধগলিত লাশ উদ্ধার করে।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার বিষয়ে সুষ্ঠু তদন্ত করে এ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আটকের আশ্বাস দেন তিনি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা বলেন, ঘটনার ব্যাপারে জীবননগর থানায় একটি মামলা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।