জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা নিবেদন

বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ, গাছের চারা রোপণ ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর

0
জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা নিবেদন
সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ছবি : বাসস।

লোকসমাজ ডেস্ক : সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

রোববার (২৬ জুলাই) বেলা ১১টা ৪০ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আনুষ্ঠানিকতা শেষে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে বেলা ১১টা ৪৭ মিনিটে স্মৃতিসৌধ প্রাঙ্গন ত্যাগ করেন।

পরিদর্শন বইয়ে দেওয়া মন্তব্যে হাফিজ উদ্দিন আহমদ বলেন, জাতীয় স্মৃতিসৌধে এসে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন। তিনি উল্লেখ করেন, শহীদদের সর্বোচ্চ ত্যাগ ও দেশপ্রেমের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় স্মৃতিসৌধ জাতির গৌরব, আত্মত্যাগ, ঐক্য ও দেশপ্রেমের চিরন্তন প্রতীক। এ সময় তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

পরিদর্শন বইয়ে তিনি একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং মহান আল্লাহর কাছে বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।

এর আগে বেলা ১১টা ৩৫ মিনিটে স্মৃতিসৌধে পৌঁছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিন বাহিনীর প্রধানসহ উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।