জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনার বর্ণনা দিলেন স্ত্রী

0
সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি। ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোর পৌনে পাঁচটার দিকে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় গাড়িতে ছিলেন না এই সংগীতশিল্পী। কে বা কারা কী উদ্দেশ্যে গুলি চালিয়েছে, তা এখনো জানা যায়নি।

এদিকে স্বামীর গাড়িতে গুলির ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন আসিফ আকবরের স্ত্রী সালমা আসিফ মিতু। তিনি জানিয়েছেন, এ ঘটনার পেছনে কাউকে সন্দেহ করার মতো কোনো কারণ তাদের জানা নেই।

শনিবার সকাল ১০টার দিকে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সালমা আসিফ মিতু বলেন, ‘আসিফ আমাকে এটুকু বলেছে, কে বা কারা আমার গাড়িতে গুলি করেছে গুলির শব্দ শুনেছি। এরপর নিচ থেকে দারোয়ান ডাকাডাকি করেছে। তারপর নিচে আসছি। এরপর কেউ একজন দৌড়ে পালিয়েছে।’

কাউকে সন্দেহ করছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের কাছে সন্দেহজনক কেউ নেই।

সালমা আসিফ মিতু আরও বলেন, ‘আসিফ বরাবরই সবার সঙ্গে মিলেমিশে চলেছে। সব সময় ন্যায্য কথা বলেছে। তবে এই ঘটনা অবিশ্বাস্য। বুঝতে পারছি না, কিসের থেকে কী হয়েছে।

এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, মগবাজারের বিশাল সেন্টারে আসিফ আকবরের একটি ব্যক্তিগত কার্যালয় রয়েছে। ভবনটির সামনে তার ব্যক্তিগত গাড়ি পার্ক করা ছিল। ভোরের দিকে দুর্বৃত্তরা গাড়িটি লক্ষ্য করে গুলি চালায়। তবে এতে কেউ হতাহত হননি।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার সময় আসিফ আকবর বিশাল সেন্টারের তৃতীয় তলায় তার ব্যক্তিগত কার্যালয়ে অবস্থান করছিলেন বলে জানতে পারে পুলিশ।

ঘটনাস্থল পরিদর্শনের পর গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়েছে তবে কে বা কারা এ হামলা চালিয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।