চাঁদা দাবির অভিযোগ মিথ্যা দাবি করে কাশেমের সংবাদ সম্মেলন

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সি অ্যান্ড এফ ব্যবসায়ীর বিরুদ্ধে উত্থাপিত চাঁদা দাবির অভিযোগ মিথ্যা। শনিবার প্রেস ক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে সিঅ্যান্ডএফ ব্যবসায়ী ও বিএনপি নেতা আবুল কাশেম বলেন, গত ২০ অক্টোবর প্রেস ক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে হজরত আলী নামের এক ব্যক্তি তার এবং তার রাজনৈতিক দল ও পদবি উল্লেখ করে নানা অপপ্রচার চালান। সেখানে তাকে ও তার সঙ্গীদের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবি, সন্ত্রাসী কর্মকাণ্ড, অস্ত্র ও মাদক ব্যবসা এবং দেশীয় অস্ত্র নিয়ে মারধরের মনগড়া অভিযোগ করে।

অভিযোগকারী হজরত আলী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের একজন সক্রিয় কর্মী ছিলেন। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি এলাকা ছেড়ে যশোর শহরে অবস্থান করছেন। হজরত আলী নিজেকে অস্ট্রেলিয়া প্রবাসী দাবি করলেও তা সম্পূর্ণ মিথ্যা, তিনি দীর্ঘ ২০-২২ বছর আগে দুবাই থেকে দেশে আসেন।

আবুল কাশেম আরও বলেন, প্রকৃত ঘটনা হলো উত্তর কাগজপুকুর এলাকায় খাস জমির একটি অংশ নিয়ে মোখলেসুর রহমান ও জালাল উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

উভয় পক্ষই তাঁর ও হজরত আলীর আত্মীয়। ওই জমি নিয়ে বিরোধ নিষ্পত্তিতে ইতঃপূর্বে স্থানীয়ভাবে এবং বেনাপোল পোর্ট থানা পুলিশের মধ্যস্থতায় আপসের চেষ্টা করা হয়। তবে হঠাৎ জালালের স্ত্রী ওই খাস জমিতে গোয়ালঘর নির্মাণের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এই ঘটনাকে কেন্দ্র করে হজরত আলী আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেন। যেখানে নির্দোষ শিক্ষার্থী, পোর্ট লেবার, দিনমজুর ও ব্যবসায়ীদের আসামি করা হয়। মামলাটি বর্তমানে পিবিআই ও বেনাপোল পোর্ট থানায় তদন্তাধীন রয়েছে।

আমি দীর্ঘদিন ধরে এলাকাটিতে সি অ্যান্ড এফ ব্যবসা পরিচালনা করছি, বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং স্থানীয় মসজিদের সভাপতির দায়িত্বে আছি। সেখানে কোনো ধরনের জমি দখল বা ২০ লাখ টাকা চাঁদা দাবির প্রশ্নই ওঠে না। রাজনৈতিক ও সামাজিকভাবে আমাকে এবং আমার দলকে হেয় প্রতিপন্ন করতেই হজরত আলী এই অপপ্রচার চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আবুল কাশেমের প্রতিবেশী আজিজুর রহমান খোকন, শহিদুল ইসলাম, গোলাম মোস্তফা, নাজমুল হোসেন, জুলফিকার আলী এবং আত্মীয় আরিফুল ইসলাম প্রমুখ।