ঝিনাইদহে গৃহবধূর চুল কেটে নির্যাতনের আসামি গ্রেফতার

0
প্রধান অভিযুক্ত আন্না ওরফে টনি খাতুন। ছবি: সংগৃহীত।

আসিফ কাজল, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে স্বামীর সঙ্গে পরকীয়ার সন্দেহে গৃহবধূ সুচিত্রা বিশ্বাসের ওপর নির্যাতন চালিয়ে তার মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে আন্না খাতুন ওরফে টনি খাতুনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে সদর উপজেলার করাতিপাড়া গ্রামে।

ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপরিদর্শক আলী হোসেন জানান, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হরিণাকুণ্ডু উপজেলার কাপাশহাটিয়া গ্রাম থেকে আনোয়ার হোসেনের স্ত্রী আন্না খাতুনকে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, স্বামীর সঙ্গে পরকীয়ার সন্দেহে গত বৃহস্পতিবার বিকেলে আন্না খাতুন তাঁর দুই মেয়ে ওনি ও কোনি, ছেলে শুভ এবং প্রতিবেশী আব্দুর রশিদকে সাথে নিয়ে সুচিত্রা বিশ্বাসের বাড়িতে চড়াও হন। একপর্যায়ে তাঁরা সুচিত্রা বিশ্বাসকে বেধড়ক মারধর করে কাঁচি দিয়ে মাথার চুল কেটে দেন এবং তার শরীরে মরিচের গুঁড়া মাখিয়ে দেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনক্ষোভের সৃষ্টি হয়। বৃহস্পতিবার রাতেই ভুক্তভোগী সুচিত্রা বিশ্বাস ৫ জনের নাম উল্লেখ করে ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ-উজ-জামান জানান, মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর ছিল। ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সহায়তায় এজাহারনামীয় প্রধান অভিযুক্ত আন্না খাতুনকে গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহারভুক্ত অপর চার আসামিকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।