চৌগাছা সেতুর ভাঙা স্থান মেরামতের উদ্যোগ

0

 

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ অবশেষে চৌগাছার কপোতাক্ষ সেতু মেরামতের উদ্যোগে গ্রহণ করেছেন কর্তৃপক্ষ। কিছুটা দেরিতে হলেও ভাঙ্গাস্থান মেরামতের উদ্যোগ নেয়ায় স্বস্তি ফিরেছে পথচারী ও স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে।
চৌগাছা কপোতাক্ষ নদের উপর একটি সেতু নির্মাণের স্বপ্ন ছিল এ জনপদের লাখো মানুষের। বর্তমান সরকারের শাসনামলে সেই সেতু নির্মাণ হয় এবং যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। সেতুতে পায়ে হেঁটে চলাচলের জন্য দুই পাশেই নির্মিত হয় দু’টি ফুটপাত। কিন্তু হঠাৎ করেই প্রায় ১ মাস আগে প্রথমে সেতুর দক্ষিণ পাশের ফুটপাত ও পরে উত্তর পাশের ফুটপাতের ছাদ ভেঙে সৃষ্টি হয় গর্তের। সাধারণ পথচারীসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা চরম ঝুঁকি নিয়ে সেতু পার হতে থাকেন। এ নিয়ে দৈনিক লোকসমাজ পত্রিকায় সংবাদ প্রকাশের পর টনক নড়ে কর্তৃপক্ষের। কিছুটা দেরিতে হলেও শনিবার সকাল থেকে সেতুর ফুটপথ মেরামতের কাজ শুরু করেন সড়ক ও জনপদ বিভাগের কর্মীরা। ভাঙ্গা স্থান মেরামতের উদ্যোগ গ্রহণ করায় স্বস্তি ফিরে আসে পথচারীদের। কলেজছাত্রী তানিয়া সুলতানা, সরকারি হাইস্কুলের শিক্ষার্থী আরাফাত হোসেন বলেন, সেতুর এই ফুটপথ ভেঙ্গে যাওয়ায় বেশ ঝুঁকি নিয়ে আমাদের পার হতে হয়েছে। আজ মেরামত করছে নিজেদের কাছে ভাল লাগছে।
সড়ক ও জনপদ বিভাগের মেরামত কাজে নিযুক্ত প্রধান মিস্ত্রি শফিয়ার রহমান বলেন, ফুটপাতের ছাদ ঢালাইয়ে পূর্বে যে রড ব্যবহার করা হয়েছে সেটি ছিল তুলনামূলক বেশি মোটা। যে কারণে দ্রুতই এটি ঢালাই ছেড়ে দিয়েছে। এবার মজবুত করেই ঢালাই দেয়া হচ্ছে। এটি দীর্ঘস্থায়ী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।