চৌগাছায় প্রতিপক্ষের মারপিটে যুবক আহত

0

 

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় প্রতিপক্ষের মারপিটে এক যুবক মারাত্মক আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের মাকাপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুকুর লিজ দেয়াকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
মারপিটের শিকার ভুক্তভোগী আশরাফুল ইসলাম জানান, গত বছর মাকাপুর গ্রামের মুকুট ঢালীর নিকট আমি পাঁচ বছরের চুক্তিতে তিন লাখ আঠাশ হাজার টাকা নগদ প্রদান করি। তারপর থেকেই আমি পুকুরে মাছ চাষ করে আসছি। কিন্তু হঠ্যাৎ করে তিনি পুকুর ফিরিয়ে নেয়ার জন্য নানা ষড়যন্ত্রমূলক কর্মকান্ড করে আসছে। তারপর আমি সব কিছু সহ্য করে মাছ চাষ করে আসছিলাম। সোমবার সকালে স্থানীয় ৪/৫ জন সন্ত্রাসীসহ মুকুট আমার লিজের পুকুরে এসে জোরপূর্বক পুকুর ফিরিয়ে নেবার কথা বলে। আমি পুকুর ফিরিয়ে দিতে অস্বীকার করি। এর কারণ চুক্তি অনুযায়ী আরো ৪ বছর সময় রয়েছে। এক পর্যায় মুকুট ও তার সন্ত্রাসী বাহিনী আমাকে এলোপাতাড়িভাবে মারতে থাকে। আমাকে ধারালো চাকু দিয়ে আঘাত করলে আমার মুখে লাগে। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করি। এ ঘটনায় থানায় আমি লিখিত অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।