চৌগাছায় তিন ট্রাকে ডাকাতির ঘটনায় আদালতে মামলা

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর-চৌগাছা সড়কের জগহাটিতে ট্রাক থামিয়ে ডাকাতির ঘটনায় ৬ জনের বিরুদ্ধে সোমবার আদালতে মামলা হয়েছে। চৌগাছা উপজেলার খড়িঞ্চা গ্রামের মুক্তার আলীর ছেলে ট্রাকচালক আলমগীর হোসেন মামলাটি করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ডিবি পুলিশকে আদেশ দিয়েছেন।
আসামিরা হলেন, চৌগাছা উপজেলার আফরা গ্রামের মশিয়ার রহমানের ছেলে আবু সাইদ মার্কিন, লবার ছেলে ইয়াছিন, মফিজুরের ছেলে মঞ্জুর, মৃত রজব আলীল ছেলে মশিয়ার রহমান, মিঠুর ছেলে ইমরান, মশিয়ারের ছেলে ইমন ও আমানতের ছেলে মফিজুর রহমান।
মামলায় উল্লেখ করা হয়েছে, গত ১৩ ডিসেম্বর রাতে আলমগীর হোসেন, সোহাগ ও হেনজু নামে ৩ চালক তিনটি ট্রাকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুড়াপাড়া থেকে ধানের কুড়া নিয়ে ফরিদপুরে যাচ্ছিলেন। পথে যশোর-চৌগাছা সড়কের জগহাটি গ্রামের রুলপাড়া নামক স্থানে পৌঁছালে উল্লিখিত আসামিরা তিনটি ট্রাকের গতিরোধ করে অস্ত্রের মুখে পাশের প্রাইমারি স্কুলের ফাঁকা মাঠের মধ্যে নিয়ে যায়। এরপর আসামিরা ট্রাক চালকদের মারধর ও খুন জখমের ভয় দেখিয়ে নগদ ৪২ হাজার টাকা ও মোবাইল ফোনসেট ছিনিয়ে নেন। এরই মধ্যে ট্রাক চালকেদের চিৎকারে আশেপাশের লোকজন এসে আসামি মার্কিনকে ধরে ফেলে এবং পিটুনি দেয়। পরবর্তীতে এ ঘটনায় থানায় মামলা করতে গেলে কর্তৃপক্ষ ভুক্তভোগী চালক আলমগীর হোসেনকে আদালতে মামলা করার পরামর্শ দেন। এ কারণে চালক আলমগীর হোসেন আদালতে এ মামলা করেছেন।