চৌগাছায় টিসিবির কার্ডে স্বচ্ছল ব্যক্তি নতুন করে তালিকা তৈরির দাবি

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) || যশোরের চৌগাছায় টিসিবির কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। পৌর কাউন্সিলরদের অপসারণের পর এটি প্রকাশ্যে আসে।

প্রকৃত সুবিধাভোগীরা হয়েছেন বঞ্চিত আর সমাজের সচ্ছল ব্যক্তিরা হয়েছেন উপকৃত। কার্ডে পুরাতন তালিকা বাদ দিয়ে নতুন ভাবে তালিকা করার দাবি উঠেছে ভুক্তভোগীসহ সচেতন মহল হতে।

সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়নে অসহায় মানুষের মাঝে টিসিবির পণ্য ৫ কেজি চাল, ২ লিটার তেল ও ২ কেজি মসুর ডাল কখনও কখনও ছোলা একটি নির্ধারিত মুল্যে দেওয়া হয়। সমাজের নি¤œ শ্রেণির মানুষ যারা দিন আনে দিন খায়, সেই ব্যক্তিরা যাতে এই সুবিধা পায় সে লক্ষে স্বস্ব প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে টিসিবি কার্ড বিতরণ করেন সরকার। কিন্তু কার্ড বিতরণে অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ। বেশ কিছু কাউন্সিলর তাদের দলের লোক ও আত্মীয় স্বজনের মাঝে কার্ড বিতরণ করেছেন, ফলে বাদ পড়েছেন প্রকৃত গরিবেরা।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর প্রথমে মেয়র পরে কাউন্সিলরদের অপসারণ করে অন্তর্বর্তীকালীন সরকার। তারপর হতে দুবার দেওয়া হয়েছে টিসিবি পণ্য। সর্বশেষ রোববার চৌগাছা পৌরসভায় ১৯৬১ জন কার্ডধারীর মাঝে ডিলারের মাধ্যমে টিসিবির চাল, তেল ও ডাল বিক্রি করা হয়।

টিসিরি পণ্য নিতে আসা অরুন কুমার, আব্দুস সালাম, সুবোলা বালা, জামেনা বেগমসহ একাধিক ব্যক্তি বলেন, আমরা দিন আনা দিন খাওয়া মানুষ কিন্তু সরকারি এই সুযোগ থেকে রয়েছি বঞ্চিত। অথচ বাড়ির পাশে বড় লোকেরা নিয়মিত সরকারি এ সুযোগ নিচ্ছে।

বর্তমান পরিস্থিতিতে পৌরসভা ও ইউনিয়ন পরিষদে নতুন করে অসহায় মানুষের তালিকা তৈরি করে সরকারি সকল সুযোগ সুবিধা প্রদানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীসহ সচেতন মহল।