চৌগাছায় উপড়ে পড়া গাছের কারণে ব্যাহত স্বাস্থ্যসেবা

0

এমএ রহিম, চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছায় পাশাপোল উপস্বাস্থ্য কেন্দ্রের চালের ওপর গাছ উপড়ে পড়ে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে এ দৃশ্য চোখে পড়ে। এদিকে ঘটনার চারদিন পার হলেও গাছটি অপসারণ করতে পারেনি কর্তৃপক্ষ। উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক-কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে অফিস করলেও ভয়ে সেবা নিতে যাচ্ছেনন না রোগীরা।

উপজেলায় চারটির মধ্যে পাশাপোল ইউনিয়নের উপস্বাস্থ্য কেন্দ্রটি পাশাপোল বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত। পাশাপোল ইউনিয়নের হাজার হাজার নারী-শিশুসহ সর্বস্তরের মানুষের প্রাথমিক চিকিৎসার জন্যে একমাত্র ভরসা এই কেন্দ্রটি। কিন্তু এই উপস্বাস্থ্য কেন্দ্রের চালের ওপরে ঝুঁকিপূর্ণ অবস্থায় একটি বিশাল আকারের গাছ পড়ে রয়েছে। যে কারণে এ এলাকার মানুষের স্বাস্থ্যসেবা দারুণভাবে ব্যাহত হচ্ছে।

পাশাপোল উপস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক দিলরুবা ইয়াসমিন জানান, কেন্দ্রের সামনে একটি দৃষ্টিনন্দন কৃষ্ণচুড়া গাছ ছিল। যে গাছটি যুগ যুগ ধরে সৌন্দর্য ছড়িয়েছে এলাকায়। গাছটি ২৯ জানুয়ারি মধ্যরাতে উপড়ে উপস্বাস্থ্য কেন্দ্রের চালের ওপর পড়ে। যা ঝুঁকিপূর্ণভাবে কেন্দ্রের টিনের চালের ওপর পড়ে রয়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তিনদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় অফিস করলেও ভয়ে সেবা নিতে আসেন নি রোগীরা।
এ ব্যাপারে পাশাফোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ বলেন, গাছটি দ্রুত সরানোর ব্যবস্থা করা জরুরি। কারণ এই এলাকার মানুষের চিকিৎসার ভরসাস্থল এ উপস্বাস্থ্য কেন্দ্রটি। গাছটি বিপজ্জনক অবস্থায় চালের ওপরে পড়ে রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিল্পনা কর্মকর্তা লুৎফুন নাহার লাকি বলেন, গাছটি অপসারণের জন্যে ইতোমধ্যে বনবিভাগসহ সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে। অনুমতি পেলে উপড়ে পড়া কৃষ্ণচুড়া গাছটি সরানোর ব্যবস্থা করা হবে।
বন বিভাগের ভারপ্রাপ্ত উপজেলা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এ বিষয়ে একটি আবেদন পেয়ে উপজেলা বনবিভাগের পক্ষে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে খুব দ্রুতই গাছটি সরানো হবে।