চৌগাছার আকাশের চিকিৎসায় সহযোগিতায় চান পরিবার

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছার দুরন্ত এক যুবক আকাশ সুস্থ হয়ে আর দশজন মানুষের মতই বাঁচতে চান। কিন্তু তার সুস্থ হতে যে অনেক টাকা দরকার! এতো টাকা কে দেবে আকাশের পরিবারকে -এই চিন্তায় বিভোর আকাশের পিতা- মা। সন্তানের চিকিৎসার জন্যে পরিবারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা কামনা করা হয়েছে।
উপজেলার জগদীশপুর ইউনিয়নের কান্দি গ্রামের হতদরিদ্র ভূমিহীন দিনমজুর আশাদুল ইসলাম ও রোজিনা খাতুনের ছেলে মো. আকাশ (১৮)। খুব ছোটবেলা হতেই পরিবারের জন্যে নানা ধরনের কাজ করে গরিব অসহায় পিতাকে সাহায্য করে আসছিলেন। ২০২২ সালে শেষ দিকে বাড়ির পাশে মেহগনি গাছে উঠেন পাতা পাড়তে। তখন গাছের ডাল ভেঙে তিনি মাটিতে পড়ে যান। মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে চৌগাছা হাসপাতাল পরে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা- নিরীক্ষা করে জানা যায়, গাছ থেকে পড়ে তার বাম চোখ নষ্ট হয়ে গেছে ও ডান পা ভেঙে গেছে। হাসপাতালে অপারেশনসহ নানা ধরনের চিকিৎসা চলতে থাকে। বেশ কয়েক মাস চিকিৎসার পর তার পায়ের কোন উন্নতি না হওয়ায় অসহায় পিতামাতা চিন্তায় ভেঙে পড়েন। একপর্যায়ে লোকজনের নিকট থেকে সাহায্য সহযোগিতা নিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়া হয় আকাশকে। সেখানে কিছুদিন ভর্তিও রাখা হয়। পঙ্গু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক আকাশের পায়ের হাঁটুর মালা পরিবর্তন অথবা তার পা হাঁটুর ওপর থেকে কেটে বাদ দিয়ে কৃত্রিম পা সংযোজন করার পরামর্শ দেন। এতে চিকিৎসা বাবদ খরচ হবে প্রায় ৩ লাখ টাকা। চরম হতাশা আর বুকভরা কষ্ট নিয়ে পরিবারের লোকজন অর্থের অভাবে আকাশকে চিকিৎসা করাতে না পেরে বাড়িতে ফিরে আসেন।
আকাশ বলেন, গাছ থেকে পড়ে মুহূর্তের মধ্যে আমার জীবনের সব কিছুই যেন এলোমেলো হয়ে গেল। বর্তমানে একটি চোখ নষ্ট হয়েছে। তাতে সমস্যা যতটুকু তার বেশি সমস্যা পা নিয়ে। আমার পা যদি ভালো হয়ে যেত তাহলে ভাল কিছু করতে পারতাম, তাই সুস্থ হয়ে আর দশজনের মতই আমি বাঁচতে চাই।
আকাশের পিতা আশাদুল ইসলাম জানান, আমরা ভূমিহীন, কোন জমি জায়গা না থাকায় অন্যের জমিতে কাজ করে সংসার চালান। সন্তানের চিকিৎসার জন্যে এত টাকা জোগাড় করা সম্ভব না। সন্তানের জন্যে বার্ষিক উৎসবগুলোও আমাদের হয়না। উৎসবের দিনগুলো পার হয় চোখের পানিতে। তিনি বলেন, আকাশের একটি চোখ ভালো আছে। কিন্তু ওর পায়ের চিকিৎসাটি করা খুব দরকার। তা না হলে ওর জীবন অন্ধকার হয়ে যাবে। এ সময় তিনি সরকারি সহযোগিতার পাশাপাশি বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করেছেন। আকাশের পিতার মোবাইল নম্বর  ০১৩০৭৪৯৩২৮০ (বিকাশ)।