চুয়াডাঙ্গায় তিনটি চোরাই মোটরসাইকেলসহ ৬ জন আটক

0

রিফাত রহমান, চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গায় ৩টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার (৩ এপ্রিল) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান। পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন জানান, গত ২৬ মার্চ সদর হাসপাতাল সড়ক থেকে একটি পালসার মোটরসাইকেল চুরি হয়। পরে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চোর শনাক্ত করা হয়। সোমবার ভোরে যশোরের চাঁদপাড়া এলাকা থেকে চোর চক্রের সদস্য আল আমিনকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে জুয়েল রানা, আবু হানিফ, মাগুরা থেকে সেলিম, কামরুজ্জামান ও জুনায়েদকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাই ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মাহব্বুর রহমান কাজল প্রমূখ।