চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে করোনাভাইরাস উপসর্গ নিয়ে এক বৃদ্ধ মারা গেছেন। গতকাল সোমবার দুপুরে তিনি মারা যান। মৃত্যুবরণকারী বদর উদ্দিন দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার শ্যামপুরের বাসিন্দা। চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এ. এস. এম মারুফ হাসান জানান, বেলা সাড়ে ১০ টার দিকে পেট ব্যথা ও জ্বর নিয়ে বৃদ্ধ বদর উদ্দিন জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। করোনাভাইরাসের উপসর্গ থাকায় তাকে করোনা ওয়ার্ডের ইয়োলো জোনে ভর্তি করা হয়। দুপুর সাড়ে ১২ টার দিকে তিনি মারা যান। মৃত্যুর পর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনাটি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হবে। করোনার প্রটোকল দিয়ে তার মরদেহ বাড়িতে পাঠানো হয়েছে। তিনি জানান, স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফন করা হবে।